স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম
সবুজ ঘাসে খেলা গড়ালে হয়তো ফুটবলের হারের হিসাবটা ক্রিকেট ব্যাটে চুকিয়ে দেওয়ার সুযোগ পেতেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমানরা। তবে জাপানের নিশিনের মেঘলা আকাশ আর একনাগাড়ে ঝরা বৃষ্টি সেই সুযোগ দিল না। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মহারণে মাঠেই নামা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ব্যাট-বলের লড়াই বন্ধ থাকলেও র্যাঙ্কিংয়ের সমীকরণে শেষ পর্যন্ত শেষ চারের টিকিট ঠিকই পেয়ে গেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে এখন তাদের সামনে দাঁড়িয়ে শক্তিধর পাকিস্তান।
সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু একটানা বৃষ্টি ও আউটফিল্ডের করুণ দশায় খেলা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। শুধু এই ম্যাচই নয়, দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার লড়াইটিও ভেসে গেছে একই কারণে। বৃষ্টির এমন তাণ্ডবে আসরটিতে টানা ৬টি ম্যাচ পণ্ড হলো, যার পাঁচটিতে টস করার মতো পরিবেশও ছিল না। আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে সোমবারে ম্যাচের জন্য বাংলাদেশ ও মালয়েশিয়ার কোনো দলকেই হোটেল ছেড়ে মাঠে যেতে হয়নি।
শেষ আটের চারটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সুবিধা পেয়ে সেমিফাইনালে পা রেখেছে শীর্ষ চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। একই দিন সকাল সাড়ে ১০টায় অন্য সেমিতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। আগামী শনিবার বিজয়ী দুই দল লড়াই করবে স্বপ্নের স্বর্ণ পদকের জন্য, আর হেরে যাওয়া দুই দল মাঠে নামবে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে।
কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালের ম্যাচ দুটিও যদি বৃষ্টির কারণে ধুয়েমুছে যায়, তবে কপাল পুড়বে বাংলাদেশের। আসরের নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হলে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত এবং ষষ্ঠ স্থানে পাকিস্তান। সেখানে অষ্টম স্থানে থাকায় বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন অধরাই থেকে যাবে।