দেশের ঘরোয়া ক্রিকেটে অনেকদিন ধরে যে ধরনের একঘেয়েমি চলছিল, সেখানে এবার নতুন উদ্যমে প্রাণ ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একই ছাতার নিচে তিন ফরম্যাটের প্রতিযোগিতা একত্র করে চালু করতে যাচ্ছে ‘ডোমেস্টিক (ডি) থ্রি ট্রফি’ বা সংক্ষেপে ডি থ্রি।
রোববার রাজধানীর এক অভিজাত হোটেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে এই নতুন কাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল বিস্তারিত তুলে ধরেন।
ছয়টি করপোরেট প্রতিষ্ঠান তিন বছরের জন্য দলের স্বত্বাধিকার পেয়েছে। এরা হলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, সেভেন রিংস সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, সিটিজেনস ব্যাংক, ফরচুন গ্রুপ এবং এইস ব্লু স্টার। প্রতিটি দলের আইকন হিসেবে থাকছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা। ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকের নাঈম শেখ, ফরচুন গ্রুপের তাওহীদ হৃদয় এবং এইস ব্লু স্টারের নুরুল হাসান সোহান।
এই আইকনদের কেন্দ্র করেই দলগুলো গড়ে উঠবে। আগামী ২৬ অক্টোবর প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে প্রতিটি দল ২৩ সদস্যের স্কোয়াড তৈরি করবে। বিশেষত্ব হলো, একই খেলোয়াড়রা তিন সংস্করণেই নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন। ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি পর্ব, জানুয়ারিতে চার দিনের প্রথম শ্রেণির ম্যাচ এবং মে মাসে ৫০ ওভারের প্রতিযোগিতা। এক মৌসুমে তিন ফরম্যাট মিলিয়ে প্রতি দল খেলবে মোট ৪২টি ম্যাচ।
টি-টোয়েন্টি দিয়ে যাত্রা শুরুর সম্ভাব্য তারিখ ১৫ ডিসেম্বর। ম্যাচগুলো আয়োজন করা হবে ঢাকা ও বরিশালে। বিসিবি সভাপতি জানিয়েছেন, বরিশালে তুলনামূলক বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ঘরোয়া ক্রিকেটে দর্শক আকর্ষণ বাড়ানো এবং খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতার সুযোগ তৈরি করা।




