স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম
নতুন মৌসুমের শুরুতেই বার্সেলোনার আক্রমণভাগ যেন আগুন ছড়াচ্ছে। টানা তিন জয়ের পর পয়েন্ট তালিকার চূড়ায় উঠে দাঁড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। রায়ো ভাল্লেকানোর বিপক্ষে রাফিনহা ও লামিন ইয়ামালের ঝলকানি দেখিয়ে ৫-২ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে কাতালানরা। গোল খরা কাটিয়ে জোড়া গোল তুলে নিয়েছেন তরুণ তারকা ইয়ামাল।
নতুন মৌসুমের শুরুতে বার্সার খেলায় গতি থাকলেও ইয়ামালের গোল না পাওয়া নিয়ে একটু সংশয় দেখা গিয়েছিল। কিন্তু রায়োর বিপক্ষে সেই ছোট্ট খরা কেটে গেছে। জোড়া গোল করেছেন এই তরুণ তারকা।
আরও পড়ুন- মেসির হঠাৎ অবসরের কারণ
আরও পড়ুন-বিশ্ব ফুটবলের মহাকাব্যিক এক অধ্যায়ের সমাপ্তি
ফ্লিক তাঁর প্রিয় ৪-২-৩-১ ফর্মেশনে বড় কোনো পরিবর্তন করেননি। দলের প্রেসিং ছিল খুবই সংগঠিত। শুরুতে রায়ো হাই লাইন ডিফেন্স খেলে বার্সাকে চমকে দিতে চেয়েছিল। ১২ মিনিটে সার্হিও ক্যামেলোর গোলে তারা এগিয়েও যায়। কিন্তু প্রথম ১৫ মিনিটের ধাক্কা সামলে বার্সা আবার নিজেদের খেলায় ফিরে আসে। উইং ভিত্তিক আক্রমণে তারা রায়োর রক্ষণভাগকে কাবু করে ফেলে।
রাফিনহা ও ইয়ামাল শুধু সাইডলাইনে আটকে থাকেননি। বল দখলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা হাফ স্পেসে ইনসাইড রান নিয়েছেন। ইয়ামাল যখন ডান দিক থেকে বল নিয়ে কাটিং ইনসাইড করেছেন, রাফিনহা ভেতরে ঢুকে সেন্ট্রাল ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছেন।
রাফিনহার দুই গোল এসেছে তাঁর বুদ্ধিদীপ্ত পজিশনিং থেকে। প্রতিপক্ষের ব্লাইন্ড সাইড ব্যবহার করে বক্সে ঢোকা আর প্রেসিংয়েও তিনি অসাধারণ ছিলেন। অন্যদিকে ইয়ামালের দারুণ ড্রিবল আর ফিনিশিং রায়োর ডিফেন্সকে তছনছ করে দিয়েছে।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ৯ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
এসটি