Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মরক্কোর নারীকে বিয়ে করে ইসলাম গ্রহণ করলেন ব্রাজিল কিংবদন্তি তারকা!

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:২০ এএম

ফুটবল বিশ্বে একসময় যার বাঁকানো ফ্রি-কিক আর অপ্রতিরোধ্য দৌড় দেখে মুগ্ধ হয়েছে কোটি মানুষ, সেই কিংবদন্তি রবার্তো কার্লোস এখন আবার আলোচনার কেন্দ্রে। মরোক্কান বংশোদ্ভূত তরুণীর সঙ্গে বিয়ের খবর ছড়ানোর পর এবার তুর্কি মিডিয়া ও একজন সংসদ সদস্যের পোস্টে উঠে এসেছে আরও একটা বড় খবর; তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত কার্লোস নিজে বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।

তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি পত্রিকায় বলা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেন ৫৩ বছর বয়সী এই সাবেক তারকা। দীর্ঘদিন ধরে শেখের সঙ্গে যোগাযোগ রাখার পর সেই সাক্ষাতে তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়। শেখ জিহাদ হামাদা ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথের সঙ্গে যুক্ত এবং দেশটির মুসলিম সম্প্রদায়ের পরিচিত মুখ।

আরও পড়ুন-ফিফার ভিডিওতে উঠে এল বিশ্বকাপ ফাইনালে রেয়াফারির চাঞ্চল্যকর সংলাপ

আরও পড়ুন-ইয়ামাল কি সত্যিই প্রেমিকার সঙ্গে প্রতারণা করেছেন? যা জানা গেল

খবরটি নতুন করে জোরালো হয় তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের এক্স (সাবেক টুইটার) পোস্টের পর। ব্রাজিলের মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি লেখেন, শেখ হামাদা তাকে জানিয়েছেন যে রবার্তো কার্লোস চার সপ্তাহ আগে শাহাদাহ পড়েছেন। আলি শাহিন কার্লোসকে অভিনন্দন জানিয়ে তার ও পরিবারের সুখ-শান্তি কামনা করেন।

এই খবরের ঠিক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কার্লোসের বিয়ের ছবি। ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোহাইলা মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক। তাদের সম্পর্ক শুরু হয় পেশাগত কাজের সূত্রে। চলতি বছরের জানুয়ারিতে বিয়ের বিষয়টি প্রথম জানা যায় এবং ২৫ জুলাই পারিবারিকভাবে একটি ছোট অনুষ্ঠান হয়।

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে উজ্জ্বল ক্যারিয়ার গড়া কার্লোস একসময় তুরস্কের ফেনারবাহচেও খেলেছেন। সে কারণেই তুর্কি মিডিয়ায় এই খবর এত দ্রুত ছড়িয়েছে। তবে এতসব দাবির পরও রবার্তো কার্লোস বা তার পক্ষ থেকে এখনো কোনো সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। ফুটবল ভক্তরা এখন তার নিজের মুখে কোনো প্রতিক্রিয়া বা ঘোষণার অপেক্ষায় রয়েছেন। 

এসটি