images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে আগামীকাল হাইতির মুখোমুখি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

বিশ্বকাপ ব্রাজিল খেলতে এসেছে হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে। তবে এ অভিযানের শুরুতেই হোঁচট খেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শিরোপার মঞ্চে প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বড়সড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। তবে সেই অপ্রত্যাশিত শুরুর হতাশা পেছনে ফেলে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামীকাল শনিবার ভোরে আবারও মাঠে নামছেন ভিনিসিয়ুস জুনিয়ররা। গ্রুপ ‘সি’-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ হাইতি।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল (২০ জুন, শনিবার) ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে। নকআউট পর্বের দৌড়ে সুবিধাজনক অবস্থানে থাকতে এই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়ার কোনো বিকল্প নেই লাতিন আমেরিকার পরাশক্তিদের সামনে।

আরও পড়ুন- মেসির ইতিহাস, এমবাপে-হলান্ডের জোড়া গোল, ভিনির জাদু আর প্রশ্নে রোনালদো

আরও পড়ুন- হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ইসমাইল সাইবারির গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পরে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের এক জাদুকরি মুহূর্তের গোলে কোনো রকমে হার এড়ায় তারা। প্রথম ম্যাচের এই ছন্দহীনতার পর ফুটবল মহলে বেশ সমালোচনা হলেও ব্রাজিলের হাইপ্রোফাইল ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি অবশ্য কোনো রকম আতঙ্কের মধ্যে নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচ খেলেই কেউ বিশ্বকাপ জিতে যায় না।

আনচেলত্তির মতে, উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিখ্যাত ‘হলুদ জার্সি’ পরে মাঠে নামার বাড়তি মানসিক চাপ হয়তো তরুণ খেলোয়াড়দের ওপর কিছুটা প্রভাব ফেলেছিল। তবে প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দলে কাঙ্ক্ষিত ‘ভারসাম্য’ ও চেনা ছন্দ ফিরিয়ে আনতে তিনি হাইতি ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন। তাই একাদশে পাইকারি হারে পরিবর্তন না এনে মূলত কিছু কৌশলগত সমন্বয়ের আভাস দিয়েছেন সেলেসাও বস।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা হাইতি এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া। কাগজে-কলমে ব্রাজিল বহুলাংশে এগিয়ে থাকলেও বিশ্বমঞ্চে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন দেখার বিষয়, হাইতি ডিফেন্সের দেয়াল ভেঙে ভিনিসিয়ুসরা গোলবন্যা ছড়াতে পারেন নাকি আবারও কোনো অঘটনের সাক্ষী হয় ফুটবলবিশ্ব। কোটি ব্রাজিল ভক্তের চোখ থাকবে প্রিয় দলের চেনা শৈল্পিক ফুটবল আর টুর্নামেন্টের প্রথম কাঙ্ক্ষিত জয়ের দিকে।