images

স্পোর্টস / ফুটবল

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০২৬, ০৯:২৯ এএম

সহ-আয়োজক মেক্সিকো বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করা প্রথম দল হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় দলটি। ফলে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে হাভিয়ের আগুইরের শিষ্যরা।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। তবে একটি ভুলই তাদের জন্য বড় মূল্য ডেকে আনে।

বিরতির পর ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ একটি ক্রস সংগ্রহ করতে গিয়ে নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান। এতে বল তার হাত থেকে ছিটকে যায়। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মেক্সিকোর মিডফিল্ডার লুইস রোমো। বক্সের ভেতর থেকে নেওয়া তার ভলিতে বল জড়িয়ে যায় জালে।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। ম্যাচের এক পর্যায়ে গোলের খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। তবে গোললাইন থেকে দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেল।

শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে না পারায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেক্সিকো।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। দুই ম্যাচে দুটি জয় তুলে নেওয়ার পাশাপাশি এখনো কোনো গোল হজম করেনি তারা।

অন্যদিকে, প্রথম ম্যাচে চেকিয়াকে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে হেরে গেছে দক্ষিণ কোরিয়া। তবে তাদের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এখনো রয়েছে।

গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এ যেতে হলে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে দক্ষিণ কোরিয়াকে। পাশাপাশি চেকিয়াকে মেক্সিকোর বিপক্ষে জয় পেতে হবে। তখন গোল ব্যবধান ও অন্যান্য সমীকরণে নির্ধারিত হবে গ্রুপের চূড়ান্ত অবস্থান।

এমআই