স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৬, ০২:৩১ পিএম
ফুটবল মাঠে অঘটনের কোনো শেষ নেই। কিন্তু এবার যেন সেই অঘটনের আভাস আগেভাগেই দিয়ে দিল একটি গাণিতিক মডেল। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের তৈরি বিশেষ অ্যালগরিদম সরাসরি ভবিষ্যদ্বাণী করেছে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে নেদারল্যান্ডস।
জার্মান অর্থনীতিবিদ ইওয়াখিম ক্লেমেন্ট ২০১৪ সালে একটি বিশেষ সূত্র তৈরি করেছিলেন, যা সেই বছর জার্মানির বিশ্বকাপ জয়ের পূর্বাভাস দিয়েছিল। অবাক করা বিষয় হলো, ফাইনালে মারিওর অসাধারণ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি সত্যিই চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার জয়ও তার মডেল একদম সঠিকভাবে ধরে ফেলে। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে তিনি নতুন করে চমক দিয়েছেন।
সবচেয়ে বড় চমক হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স বা স্পেনের মতো ফেবারিট দলগুলোকে পেছনে ফেলে এই চমকপ্রদ পূর্বাভাস ফুটবল দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন-মৃত্যুকূপ নাকি মিরাকলের মঞ্চ? বিশ্বকাপে গ্রুপ ‘এ’ ঘিরে উত্তেজনা
এই মডেল শুধু মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না। এতে অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, খেলোয়াড়দের মার্কেট ভ্যালু, দেশের ফুটবল সংস্কৃতি এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধাসহ নানা বিষয় বিবেচনা করা হয়েছে। ক্লেমেন্টের দাবি, এসব উপাদান মিলিয়ে প্রায় ৪৫-৫৫ শতাংশ নির্ভুলতায় বিশ্বকাপের ফলাফল অনুমান করা সম্ভব। বাকিটা ভাগ্যের ওপর নির্ভর করে।
আরও পড়ুন- বিশ্বকাপে মার্তিনেজের খেলা নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
নেদারল্যান্ডস এখনও বিশ্বকাপের শিরোপা ছোঁয়নি। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে তারা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত হেরে যায়। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা ডাচ দলকে বুকমেকাররা অষ্টম ফেভারিট হিসেবে দেখছেন। তবে ক্লেমেন্টের সিমুলেশন ও মডেল স্পষ্টভাবে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখাচ্ছে।
আরও পড়ুন- একটি ঢুঁশ এবং মহাকাব্যের ট্র্যাজিক অবসান: জিদানের বিদায়ের সেই রাত
তিনি নিজেও বলেছেন, ফলাফল দেখে তিনি কিছুটা অবাক হয়েছেন, কারণ নেদারল্যান্ডসের পথটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কঠিন।
তার মতে, নেদারল্যান্ডস গ্রুপ পর্বে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার মোকাবিলা করবে। এরপর নকআউট পর্বে মরক্কো ও কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গে লড়বে। সেমিফাইনালে স্পেন এবং ফাইনালে পর্তুগালকে হারিয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে। মডেল আরও বলছে, জাপান রাউন্ড অব ৩২-এ ব্রাজিলকে বিদায় করবে।
অস্ট্রেলিয়া (সকারুস) সম্পর্কে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী তেমন আশাব্যঞ্জক নয়। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে উঠলেও পরের রাউন্ডে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেবে।
ক্লেমেন্ট মজা করে বলেন, অর্থনীতিবিদদের অহংকার দেখাতে তিনি এই মডেল তৈরি করেছিলেন। কিন্তু তিনবার সঠিক ভবিষ্যদ্বাণী হওয়ায় ব্যাপারটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই সাফল্যের কারণে নেদারল্যান্ডসে তিনি এখন বেশ জনপ্রিয়। তবে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, এটা কোনো জাদুর বল নয়। প্রতিটি ম্যাচে ভাগ্যের প্রভাব অনেক বেশি, তাই এবারও তার ভবিষ্যদ্বাণী ভুল হতে পারে।
প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই ১০৪ ম্যাচের মহাযজ্ঞ।