images

স্পোর্টস / ফুটবল

আঙুল ভেঙে গেল আর্জেন্টাইন তারকার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

২১ মে ২০২৬, ১২:৩৭ পিএম

ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপে হাতের আঙুল ভেঙে যায় অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কিন্তু সেই চোটকে পাত্তা না দিয়েই তিনি মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তার অসাধারণ সেভ ও ক্লিনশিটের সামনে অ্যাস্টন ভিলা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গকে।

বুধবার রাতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে ভিলা এক ঘণ্টার মধ্যেই তিন গোলে এগিয়ে যায়। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেয় ইউনাই এমেরির দল। এই জয়ের মাধ্যমে ৩০ বছর পর ইউরোপীয় ট্রফি ঘরে তুলল অ্যাস্টন ভিলা।

আরও পড়ুন- আঙুল ভেঙে গেল আর্জেন্টাইন তারকার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

আরও পড়ুন- প্রায় ১৩ হাজার কোটি টাকার দল নিয়ে বিশ্বকাপে ব্রাজিল

আরও পড়ুন- গোয়েন্দারা যা পারেনি, তা করেছিল এক কুকুর! সেই ট্রফি চুরির গল্প

ম্যাচ শেষে জানা যায়, মার্তিনেজ ওয়ার্মআপের সময় আঙুল ভেঙে ফেলেন। বল ধরতে গেলেই আঙুল অন্যদিকে সরে যাচ্ছিল। চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে থাকার পর আঙুলে ব্যান্ডেজ বেঁধে তিনি ফিরে আসেন এবং পুরো ম্যাচ খেলেন।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, 'আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অবিশ্বাস্য। ওয়ার্মআপে আঙুল ভেঙে যাওয়াটা জীবনে প্রথমবার ঘটেছে। কিন্তু আমি এটাকে খারাপ কিছু মনে করিনি। ফুটবলে এমন পরিস্থিতিতে পড়তেই হয়।'

ভাঙা আঙুল নিয়ে তিনি একদম চিন্তিত নন। হাসিমুখে বলেন, 'ইউরোপা লিগ জিতে আমি খুব খুশি। এখন সময় সতীর্থদের সঙ্গে উদযাপনের। এই দল অনেক দিন এমন আনন্দ পায়নি। এরপর পুরো মনোযোগ থাকবে আসন্ন বিশ্বকাপে।'

এই জয়ের পর আর্জেন্টিনা সমর্থকদের মনে একটু শঙ্কা দেখা দিয়েছে, জুনের বিশ্বকাপে মার্তিনেজ পুরোপুরি ফিট থাকবেন তো? তবে গোলরক্ষক নিজে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে।