images

স্পোর্টস / ক্রিকেট

চট্টগ্রামের ‘ব্যাটিং স্বর্গে’ সিরিজ জেতার লড়াই

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ এএম

মিরপুরের স্লো উইকেটের পর চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে অলিখিত ফাইনাল ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায়। অবশ্য টাইগার পেস বোলিং কোচ শন টেইট উইকেট নিয়ে চিন্তা করছেন না, বরং তিনি যেকোনো অবস্থাতেই জিততে চান ম্যাচ।

সিরিজ নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মেহেদী মিরাজরা।

চট্টগ্রামে সবশেষ ওয়ানডে সিরিজে জিতেছিল টাইগাররা। গত বছর এই মাঠে নিয়মিত টেস্ট ও টি-টোয়েন্টি হলেও ৫০ ওভারের ক্রিকেট ফিরছে দুই বছর পর। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর গত দুই বছর চট্টগ্রামে ৫০ ওভারের ক্রিকেট আর খেলা হয়নি মিরাজদের। 

গত ডিসেম্বর-জানুয়ারিতে এই ভেন্যুতে বিপিএলের ম্যাচ না হওয়ায় বেশ ভালোই একটা বিরতির পর ক্রিকেট-উৎসব ফিরছে চট্টগ্রামে। যখন ফিরছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চট্টগ্রামেরই সন্তান তামিম ইকবাল।

বাংলাদেশের সিরিজ জয় হতে পারে বিসিবি সভাপতি তামিমের কাছে দারুণ এক উপহার। কিন্তু সেই উপহার পেতে বৈশাখের দাবদাহে স্বাগতিকদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এসেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে যেভাবে বাংলাদেশ হারিয়েছে নিউজিল্যান্ড, তাতে কাঠগড়ায় উঠেছিল বাংলাদেশের ব্যাটিং বিভাগ। 

তবে পরের ম্যাচে নাহিদ রানার আগুনে পুড়ে খাক কিউইরা বোলিংয়ে খুব একটা তোপ দাগতে পারেনি বাংলাদেশের ওপর। দারুণ ছন্দে থাকা তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে বাংলাদেশ অনায়াস এক জয় পেলেও আলোচনায় আসলে রানা।

তরুণ এক্সপ্রেস বোলার নাহিদ রানা মুগ্ধ করে চলেছেন নিয়মিত তার গতির ঝড় আর নিয়ন্ত্রিত বোলিংয়ে। বাংলাদেশের মতো কন্ডিশনে তীব্র গরমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বোলিংয়ে একজন বাংলাদেশি ফাস্ট বোলার তছনছ করে দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ—এ শুধু বিরল দৃশ্যই নয়, চোখেরও প্রশান্তি। 

মাঠের বাইরে লাজুক হাসি, কথাও বলেন কম। সেই রানা গতির ঝড়, আগুনে বাউন্সার, ভয়ংকর ইয়র্কার আর নিয়ন্ত্রণে নিয়মিত পরীক্ষা নেন প্রতিপক্ষের ব্যাটারদের। ফিট থাকতে পারলে বাংলাদেশ ক্রিকেটকে বড় স্বপ্ন দেখাতে পারেন ‘চাঁপাই এক্সপ্রেস’। ভালো বোলিংয়ের পুরস্কারও পাচ্ছেন তিনি র‍্যাঙ্কিংয়ে।

গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। ১০ ম্যাচ খেলা এই পেসার ৬৪তম অবস্থানে উঠে এসেছেন। ব্যক্তিগত এই সাফল্যের সঙ্গে দলীয় সাফল্য যোগ হলে তবেই না দারুণ খেলার সার্থকতা। 

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে হলে বাংলাদেশকে এগোতে হবে র‍্যাঙ্কিংয়ে। আর সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতাটা খুবই জরুরি। 

বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার আভাস মিলেছে। একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজ শেষেই পিএসএলে যাওয়ার কথা বাঁহাতি এই পেসারের।

এআরএম