images

স্পোর্টস / ক্রিকেট

বিসিবি তদন্তে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেওয়া হয়েছে। 

এ সময় কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎকার নিলেও তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাড়া দেননি।

রোববার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাক্ষাৎকারে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি।

ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো, আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি:-

প্রথমত,

একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়।

দ্বিতীয়ত,

তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে।

তৃতীয়ত,

উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সবাই আদালত অবমাননা করছেন।

চতুর্থত,

ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।

যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি।

কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না।

আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।

এম/এআরএম