শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। নির্ধারিত সময়ের আগেই জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানের কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়।

তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “আমরা নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করেছি। প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি।”


বিজ্ঞাপন


গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ একজন সাবেক বিচারপতিকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটি নির্ধারিত সময়সীমার আগেই আজ রিপোর্ট জমা দিল।

তদন্তের সময় বিসিবির বেশ কয়েকজন পরিচালক কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি ফারুক আহমেদ ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উল্লেখযোগ্য। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাও তদন্ত কমিটির কাছে হাজির হয়েছিলেন। তবে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়াকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি।

উল্লেখ্য, গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি পরিচালক পর্ষদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ ও প্রশ্ন উঠেছিল। এরপর থেকেই বিসিবির ৭ জন পরিচালক পদত্যাগ করেছেন। অনেকের ধারণা, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় থাকায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এতে বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর