images

স্পোর্টস

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১১:৩৩ পিএম

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। বৃষ্টি আইনে বাংলাদেশেকে ১২৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতায় ফিরেছে সফরকারীরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ওভারে তোলে ২৭৪ রান। দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন মাজ সাদাকাত, তিনি করেন ৭৫ রান। এছাড়া সালমান আলী আগা ৬৪, মোহাম্মদ রিজওয়ান ৪৪ এবং সাহিবজাদা ফারহান ৩১ রান করে দলের সংগ্রহ বড় করতে অবদান রাখেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩টি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নেন।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর ডিএলএস পদ্ধতিতে ৩২ ওভারে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান।

সংকটের মাঝে কিছুটা লড়াই করেন লিটন দাস। তিনি ৩৩ বলে ৪১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া তাওহীদ হৃদয় করেন ২৮ রান। তবে লিটন আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ৭ উইকেট মাত্র ৪১ রানে হারিয়ে ১১৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করেন মাজ সাদাকাত। ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতেও নেন ৩ উইকেট। সমান ৩ উইকেট পান হারিস রউফ এবং ২টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

এসআই/এমআই