images

স্পোর্টস / ক্রিকেট

সিংহাসন ফিরে পেলেন রাজা

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

চলমান আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে বদলে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটারদের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত হালনাগাদ তালিকায় আবারও শীর্ষ অলরাউন্ডারের জায়গা ফিরে পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের জায়গা করে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজা। গত সপ্তাহে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রান এবং মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানের ইনিংস তাকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছে। এর ফলে পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে রাজা ও সাইমের মধ্যে কয়েক দফা অদলবদল হয়েছে। তবে নতুন তালিকায় তাদের ওপর চাপ তৈরি করেছেন আরও দুজন। ভারতের শিভাম দুবে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন। আফগানিস্তানের মোহাম্মদ নবী তিন ধাপ এগিয়ে এখন অষ্টম। 

আরও পড়ুন- বিশ্বাস করুন- রোজা শক্তি কমায় না, বরং বাড়ায়— সিকান্দার রাজা

ব্যাটারদের তালিকাতেও এসেছে বেশ কিছু পরিবর্তন। বিশ্বকাপে ব্যাট হাতে খুব ভালো শুরু না হলেও ভারতের অভিষেক শর্মা শীর্ষস্থান ধরে রেখেছেন। ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে তিনি এগিয়ে আছেন ৬২ রেটিং পয়েন্টে। পাকিস্তানের ওপেনার ও এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। একই সঙ্গে গড়েছেন নিজের ক্যারিয়ার–সেরা রেটিং।

এ ছাড়া ভারতের ইশান কিষান তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ১০ ধাপ লাফিয়ে নবম স্থানে উঠে টপ টেনে জায়গা করে নিয়েছেন। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান চার ধাপ এগিয়ে ১৩তম, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ চার ধাপ এগিয়ে ১৪তম এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে পৌঁছেছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও চিত্রটা প্রায় একই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের এক ম্যাচে কিছুটা খরুচে বোলিং করলেও ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন। সবচেয়ে বড় অগ্রগতি করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট এবং ভারতের বিপক্ষে ২ উইকেটে ১২ রান দেওয়ার পারফরম্যান্সে ২১ ধাপ এগিয়ে তিনি এখন তৃতীয় স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথিউ ফোর্ড ২৩ ধাপ এগিয়ে সপ্তম এবং ভারতের জসপ্রিত বুমরাহ সাত ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। এ ছাড়া মার্কো জানসেন আট ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম, গুডাকেশ মোতি ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ২১তম এবং লিয়াম ডসন ২৩ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন।