Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই- ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট ২০২৪, ০২:১৩ পিএম

এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতির পদে পরিবর্তন এলো। সরকার পতনের পর থেকেই সংস্থাটির পরিচালকদের অনেকেই আত্মগোপনে ছিলেন। সভাপতি নাজমুল হাসান পাপনও লন্ডন পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জণ ছিল। এদিকে আজ জরুরী সভা ডেকেছিল বিসিবি, জানা গিয়েছিল এই সভায়ই পদত্যাগ করবেন পাপন।

আজ সভা শুরু হওয়ার পরই জানা যায়, বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পাপন। এরপর নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বিসিবির সভাপতি হিসেবে পাপন দায়িত্ব নিয়েছিলেন ২০১২ সালে। এরপর ২০১৩ সালে নির্বাচনে জয় লাভ করে সভাপতি হন তিনি। সবশেষ ২০২১ সালের নির্বাচনেও এ পদে তিনিই জয়ী হয়েছিলেন। আগামী বছরের অক্টোবরে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই সরে যেতে হলো তাকে।

 

এদিকে ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে ছিলেন না। তাকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক করে ক্রিকেট বোর্ডে আনা হয়েছে। এর আগে গতকাল এনএসসি মনোনীত পরিচালকের পদ থেকে পদিত্যাগ করেছেন জালাল ইউনূস।

আজ এনএসসি মনোনীত পরিচালক হওয়ার পর বিসিবির পরিচালকরা ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করেন। সভাপতি হওয়ার পর নিজের প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ফারুক বলেন, 'লক্ষ্য তো অনেক বড়, প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্সেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক প্রশ্ন আছে।'

তিনি বলেন, 'প্রথম ও প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখে..বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল.. তাহলে কাজগুলো অনেক সহজ হবে। আমরা যেনো অন্যদিকে ডাইভার্ট হয়ে না যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট সার্বিক ভাবে এবং বাংলাদেশ..আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।'