বিজ্ঞান ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ০৮:১৯ এএম
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল ও রোমাঞ্চকর পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে, যার ফলে দিনের আলো হঠাৎ করেই অন্ধকারে মিলিয়ে যাবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া এবং স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না।
গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার (১২ আগস্ট) বিকাল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর চাঁদের প্রচ্ছায়া দ্রুত পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে।
কোথায় দেখা যাবে পূর্ণগ্রাস?
চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদের ছায়া সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেললে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। সূর্যের ব্যাস চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় হলেও এটি পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ দূরে অবস্থিত। ফলে পৃথিবী থেকে দুটিকেই আকাশে প্রায় সমান আকারের মনে হয় এবং পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব হয়।
আরও পড়ুন: কোথায়, কখন দেখা যাবে সূর্যগ্রহণ
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, এই পূর্ণ সূর্যগ্রহণের সরাসরি পথ বা ‘পাথ অব টোটালিটি’ উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড পেরিয়ে আটলান্টিক মহাসাগর হয়ে স্পেন ও পর্তুগালের দিকে যাবে। স্পেনের বিখ্যাত শহর যেমন—লিওন, ভ্যালেন্সিয়া ও জারাগোজা এর ঠিক পথেই অবস্থান করছে।

নাসার তথ্য অনুযায়ী, স্পেনের লিওনে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে এই পূর্ণগ্রাস শুরু হবে এবং তা স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।
অন্যদিকে, মাদ্রিদ ও বার্সেলোনায় পূর্ণগ্রাস দেখা না গেলেও সেখানকার মানুষ সূর্যের প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত ঢাকা পড়ার দৃশ্য দেখতে পাবেন। ইউরোপের অন্যান্য বড় শহরের মধ্যে প্যারিসে ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢাকা পড়বে। এছাড়া উত্তর-পশ্চিম আফ্রিকার আলজিয়ার্সে ৯৬ শতাংশ এবং কাসাব্লাঙ্কায় ৮৭ শতাংশ সূর্য ঢাকা পড়ার কথা রয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা ও কানাডার বিভিন্ন অঞ্চলেও আংশিক গ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
মহাজাগতিক এই ঘটনার দৃশ্যমানতার তালিকায় বাংলাদেশ নেই। গ্রহণের মূল পথটি উত্তর গোলার্ধের উত্তর আটলান্টিক ও ইউরোপের দিকে সীমাবদ্ধ থাকায় বাংলাদেশ বা এই অঞ্চলের আকাশ থেকে এটি দেখা যাবে না।

সুরক্ষা ও পরবর্তী গ্রহণ
নাসার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পূর্ণগ্রাসের একেবারে শেষ মুহূর্তগুলো ছাড়া খালি চোখে সূর্যের দিকে সরাসরি তাকানো অত্যন্ত বিপজ্জনক। আংশিক গ্রহণ দেখার সময় অবশ্যই সার্টিফাইড সৌর-পর্যবেক্ষণ চশমা বা উপযুক্ত সোলার ফিল্টার ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: সূর্যগ্রহণ সম্পর্কে যত ভুল ধারণা
আজকের পর পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণটি ঘটবে ২০২৭ সালের ২ আগস্ট, যা দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে পূর্ণগ্রাস হিসেবে দেখা যাবে।
এমআর