images

বিজ্ঞান

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ: দিনে-দুপুরে পৃথিবীতে নামবে অন্ধকার

বিজ্ঞান ডেস্ক

০৮ জুন ২০২৬, ০৯:০৬ এএম

আগামী ১২ আগস্ট মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রাস সূর্যগ্রহণ, যার প্রভাবে কিছু অঞ্চলের দিনের আকাশ সাময়িকভাবে রূপ নেবে রাতের অন্ধকারে। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণরূপে আড়াল করবে, তখনই তৈরি হবে এই রোমাঞ্চকর পরিস্থিতি। এবারের গ্রহণটি সবচেয়ে স্পষ্টভাবে উপভোগ করা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে, যেখানে এলাকাভেদে কয়েক সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি ঢাকা থাকবে।

sun

মহাজাগতিক এই ঘটনার পূর্ণ ছায়াপথটি প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে এটি উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল হয়ে স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। 

আরও পড়ুন: ২০২৬ সালে সূর্যগ্রহণ কয়টি?

ইউরোপের মূল ভূখণ্ডে সর্বশেষ ২০০৬ সালে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলেও স্পেনের মূল ভূখণ্ডের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ দেশটি সর্বশেষ ১৯০৫ সালে এমন দৃশ্যের সাক্ষী হয়েছিল। এবারের গ্রহণে গ্রিনল্যান্ডের দর্শকরা দুই মিনিটের বেশি সময় ধরে এই পূর্ণ অন্ধকার উপভোগ করতে পারলেও স্পেনের উত্তরাঞ্চলে এর স্থায়িত্ব হবে মাত্র ২০ সেকেন্ডের মতো। তবে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলে পূর্ণ রূপ দেখা না গেলেও আংশিক সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে।

2-eclipse-colorized

বিজ্ঞানীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এই চমৎকার দৃশ্যটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে। আর যারা এবার এই সুযোগ মিস করবেন, তাদের পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ২ আগস্ট পর্যন্ত; যা মূলত দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দৃশ্যমান হবে। অন্যদিকে, ২০৩৩ সালে যুক্তরাষ্ট্রে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলেও তা কেবল আলাস্কাতেই সীমাবদ্ধ থাকবে এবং দেশটির মূল ভূখণ্ডে পরবর্তী সূর্যগ্রহণের জন্য ২০৪৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হবে।

এজেড