ধর্ম ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায়ের মুখে হাসি ফোটানো এবং সমাজের কল্যাণে কাজ করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থের চিকিৎসার ব্যবস্থা করা, এতিমের দায়িত্ব নেওয়া, দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনায় সহযোগিতা করা- এসবই দাতব্য কাজের অন্তর্ভুক্ত। এসব কাজে নিজের সম্পদ ব্যয়ের পাশাপাশি সময়, শ্রম ও মেধা দিয়েও অংশ নেওয়া যায়। কোরআন ও হাদিসে মানুষের কল্যাণে কাজ করা এবং এ কাজে অন্যদের যুক্ত করার অসাধারণ ফজিলত বর্ণিত হয়েছে।
দাতব্য কাজের ফজিলত শুধু নিজে দান করার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কল্যাণে কোনো উদ্যোগ গ্রহণ করা, অসহায়দের সহায়তায় তহবিল গঠন করা, অন্যদের দানে উৎসাহিত করা, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা কিংবা প্রয়োজনীয় সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াও মহৎ কাজ।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না।’ (সুরা মায়েদা: ২)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব পায়।’ (সহিহ মুসলিম: ১৮৯৩)
এই হাদিস থেকে বোঝা যায়, কেউ নিজে দান করার পাশাপাশি অন্যকে দানে উৎসাহিত করলে, দাতব্য উদ্যোগের সঙ্গে যুক্ত করলে কিংবা মানুষের উপকারের পথ তৈরি করে দিলে সওয়াবের অংশীদার হন। তাই সমাজের কল্যাণে পরিচালিত ভালো উদ্যোগে সামর্থ্য অনুযায়ী যুক্ত হওয়া প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।
অসহায় মানুষের কষ্ট দূর করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। কারও চিকিৎসার ব্যবস্থা করা, বিপদে আর্থিক সহযোগিতা দেওয়া কিংবা অভাবের সময় প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া সবই মানুষের কষ্ট লাঘবের অন্তর্ভুক্ত।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহ ততক্ষণ তাকে সহযোগিতা করেন।’ (সহিহ মুসলিম: ২৬৯৯)
অর্থাৎ মানুষের প্রয়োজনে এগিয়ে আসা শুধু তার উপকারই করে না, এর মাধ্যমে নিজের জন্যও আল্লাহর সাহায্য লাভের পথ তৈরি হয়।
আরও পড়ুন: মানুষের উপকার করার ফজিলত
আল্লাহর পথে সম্পদ ব্যয়ের প্রতিদান অনেক বেশি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা থেকে সাতটি শিষ জন্মায়। প্রতিটি শিষে থাকে একশ দানা। আল্লাহ যাকে ইচ্ছা আরও বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা: ২৬১)
অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য করা একটি দানের প্রতিদান সাতশ গুণ পর্যন্ত হতে পারে। আল্লাহ চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন।
দাতব্য কাজে অংশ নেওয়ার জন্য বিপুল সম্পদের মালিক হওয়া জরুরি নয়। সামর্থ্য অনুযায়ী অল্প কিছু দান করলেও আল্লাহর কাছে তার মূল্য রয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা খেজুরের একটি অংশ দান করার মাধ্যমে হয়।’ (সহিহ বুখারি: ১৪১৭)
আরেক হাদিসে রাসুলুল্লাহ (স.) জানিয়েছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে, আল্লাহ তা কবুল করেন এবং তা এমনভাবে লালন করেন, যেমন তোমাদের কেউ তার বাছুরকে বড় করে। একসময় সেই সদকা পাহাড়সম হয়ে যায়। (সহিহ বুখারি: ১৪১০; সহিহ মুসলিম: ১০১৪)
সদকা মানুষের গুনাহ মাফের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘সদকা গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (জামে তিরমিজি: ২৬১৬)
তাই নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান করা উচিত। ছোট হোক বা বড়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা কোনো দানই তুচ্ছ নয়।
আরও পড়ুন: দান-সদকা: দুনিয়াতেই ৯ প্রতিদানের নিশ্চয়তা
অনেকেই মনে করেন, দান করলে সম্পদ কমে যাবে। অথচ রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘সদকা সম্পদ কমায় না।’ (সহিহ মুসলিম: ২৫৮৮)
অন্য এক হাদিসে এসেছে, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, ‘হে আল্লাহ, দানকারীকে তার দানের বিনিময় দিন।’ আরেকজন বলেন, ‘হে আল্লাহ, কৃপণ ব্যক্তির সম্পদ ধ্বংস করে দিন।’ (সহিহ বুখারি: ১৪৪২)
অনেক অভাবী মানুষ আছেন, যারা আত্মসম্মানের কারণে কারও কাছে হাত পাতেন না। তাদের অভাব সহজে বোঝা যায় না। পবিত্র কোরআনে এমন মানুষের কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘তারা মানুষের কাছে কাকুতি-মিনতি করে ভিক্ষা করে না।’ (সুরা বাকারা: ২৭৩)
তাই দাতব্য উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে প্রকৃত অভাবী মানুষকে চিহ্নিত করা জরুরি। শুধু পরিচিত বা প্রকাশ্যে সাহায্যপ্রার্থী মানুষের মধ্যেই সহায়তা সীমাবদ্ধ রাখা উচিত নয়। নীরবে কষ্টে থাকা পরিবার, অসুস্থ ব্যক্তি, অসহায় নারী ও শিক্ষাবঞ্চিত শিশুদের খোঁজ নেওয়াও দাতব্য কাজের গুরুত্বপূর্ণ অংশ।
দাতব্য কাজের ক্ষেত্রে অভাবী আত্মীয়স্বজনকেও গুরুত্ব দেওয়া উচিত। এতে একদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়, অন্যদিকে দানের সওয়াবও পাওয়া যায়। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মিসকিনকে সদকা করলে তা এক সদকা। আর আত্মীয়কে সদকা করলে তা দুটি সদকা- সদকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব।’ (জামে তিরমিজি: ৬৫৮)
লোকদেখানো থেকে বেঁচে গোপনে দান করা বিশেষ মর্যাদার কাজ। রাসুলুল্লাহ (স.) জানিয়েছেন, কেয়ামতের দিন সাত শ্রেণির মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের মধ্যে একজন হলো, যে এমন গোপনে দান করে যে তার বাম হাতও জানতে পারে না, ডান হাত কী দান করেছে। (সহিহ বুখারি: ১৪২৩)
তবে প্রকাশ্যে দান করাও ভালো, যদি তাতে অন্যরা উৎসাহিত হয় এবং লোকদেখানোর উদ্দেশ্য না থাকে। আল্লাহ বলেন, ‘তোমরা যদি প্রকাশ্যে সদকা করো, তবে তা ভালো। আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো।’ (সুরা বাকারা: ২৭১)
কাউকে দান করার পর তাকে খোঁটা দেওয়া বা কষ্ট দেওয়া যাবে না। এতে দানের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দানকে নষ্ট করো না।’ (সুরা বাকারা: ২৬৪)
তাই দাতব্য কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকের উচিত সহায়তা গ্রহণকারীর সম্মান ও মর্যাদা রক্ষা করা। ছবি বা প্রচারের মাধ্যমে কাউকে বিব্রত করা, দানের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া কিংবা তার অসহায়ত্বকে প্রচারের উপকরণ বানানো থেকে বিরত থাকতে হবে।
কিছু দানের প্রতিদান মৃত্যুর পরও অব্যাহত থাকে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল ছাড়া- সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম: ১৬৩১)
তাই মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, পানির ব্যবস্থা, জনকল্যাণমূলক স্থাপনা কিংবা মানুষের দীর্ঘমেয়াদি উপকারে আসে এমন কাজে সহযোগিতা করা সদকায়ে জারিয়ার সুযোগ তৈরি করতে পারে।
মানুষের কল্যাণে কাজ করা শুধু ব্যক্তিগত দানের বিষয় নয়, এটি একটি সম্মিলিত দায়িত্বও। কেউ অর্থ দিয়ে, কেউ সময় ও শ্রম দিয়ে, কেউ উদ্যোগ নিয়ে, আবার কেউ অন্যদের যুক্ত করে এ কাজে অংশ নিতে পারেন। একটি ভালো উদ্যোগের মাধ্যমে বহু মানুষের কষ্ট দূর হতে পারে। তাই সামর্থ্য অনুযায়ী দাতব্য কাজের সঙ্গে যুক্ত হওয়া, অন্যকে উৎসাহিত করা এবং মানুষের উপকারে স্থায়ী উদ্যোগ গড়ে তোলার চেষ্টা করা প্রত্যেক মুমিনের জন্য বড় সওয়াবের সুযোগ।
তথ্যসূত্র: পবিত্র কোরআন, সহিহ বুখারি, সহিহ মুসলিম ও জামে তিরমিজি