Dhaka Mail Logo

ইসলাম

ইসলামাবাদে কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

ধর্ম ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ নভেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা (আইকিউসি)। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এতে অংশগ্রহণের জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যদেশসহ আরও ১১টি দেশের প্রখ্যাত ক্বারিদের মনোনয়ন চেয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ওআইসির সদস্যদেশগুলোর পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপের ক্বারিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১টি দেশ থেকে ক্বারিদের মনোনয়ন পাওয়া গেছে। অংশগ্রহণকারীদের ভিসা প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: আল আজহারে দশ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি ক্বারি রায়হান মাহমুদ

এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো এ আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে পাকিস্তান। প্রথম আসরে ওআইসিভুক্ত ৪০টির বেশি দেশের ক্বারিরা অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের শিল্পকে ছড়িয়ে দেওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। পাকিস্তানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার জন্য ভ্রমণ ও প্রশাসনিক কার্যক্রমসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র কোরআন তেলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কোরআনিক জ্ঞানের সঙ্গে মানুষের সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে অ্যাকাডেমিক ও শৈল্পিক বিনিময়ের ক্ষেত্রে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ আয়োজনের মাধ্যমে ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অভিন্ন মূল্যবোধ সমুন্নত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।