Dhaka Mail Logo

ইসলাম

জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহিদের প্রতিফলন জরুরি: মসজিদে হারামের ইমাম

ঢাকা মেইল ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম

ঈমান কি কেবল মুখে উচ্চারিত কিছু শব্দ, নাকি জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রতিফলন থাকা জরুরি? এমন প্রশ্ন সামনে রেখে তাওহিদের গুরুত্ব ও জীবনে এর বাস্তব প্রতিফলনের আহ্বান জানিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আবদুল আজিজ বালিলা।

গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, ইসলাম ও তাওহিদ মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। তাওহিদ কেবল নামাজ-ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের কথা, চিন্তা, কাজকর্ম ও লেনদেনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রতিফলন থাকা উচিত।

খুতবায় শিরককে সবচেয়ে বড় গুনাহ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারও উপকার বা ক্ষতি করতে পারে না। মানুষের ক্ষমতা, মর্যাদা কিংবা নেক আমল—কোনোটিই আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয়। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হজরত ইবরাহিম (আ.)-ও মূর্তিপূজা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন।

আরও পড়ুন

দৈনন্দিন কাজও কীভাবে ইবাদতে পরিণত হয়, জানালেন কাবার ইমাম

অন্যদের ইসলামের পথে আহ্বানের ক্ষেত্রেও প্রজ্ঞা, কোমলতা ও উত্তম উপদেশের ওপর গুরুত্বারোপ করেন মসজিদুল হারামের এই খতিব। তিনি বলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে। এ ক্ষেত্রে কটূক্তি, অপমান কিংবা কঠোর আচরণ পরিহার করতে হবে। বরং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের প্রতি কোমল ও সহানুভূতিশীল মনোভাব পোষণ করতে হবে।

খুতবায় মুসলমানদের নিজেদের জীবনে তাওহিদের শিক্ষা বাস্তবায়ন এবং অন্যদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার আহ্বান জানানো হয়।

‘হিসাবের দিন আসার আগেই নিজের জীবনের হিসাব নিন’

এদিকে মসজিদে নববির খুতবায় শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম বলেন, কেয়ামতের দিন মানুষের প্রতিটি কাজ ও প্রাপ্ত নেয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে। তাই পরকালের হিসাবের মুখোমুখি হওয়ার আগেই নিজেদের জীবনের হিসাব নেওয়া এবং ঈমান ও নেক আমলের মাধ্যমে আখেরাতের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

শায়খ আবদুল মুহসিন আল-কাসিম। ছবি: সংগৃহীত
শায়খ আবদুল মুহসিন আল-কাসিম। ছবি: সংগৃহীত

শায়খ আবদুল মুহসিন আল-কাসিম বলেন, কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ঈমান, আমল এবং মহান আল্লাহর দেওয়া নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিশ্রুতি রক্ষা, পরিবারের সদস্যদের অধিকার আদায়, জীবনের সময়, অর্জিত জ্ঞান, সম্পদ, সুস্থতা এবং পবিত্র কোরআনের প্রতি দায়িত্ব পালনের বিষয়েও জবাবদিহি করতে হবে।

আরও পড়ুন

দুঃখে সবর ও সুখে শোকরে মেলে প্রশান্তি: মসজিদে হারামের ইমাম

তিনি বলেন, দুনিয়া হলো আমল করার জায়গা, আর আখেরাত হলো হিসাবের স্থান। তাই চূড়ান্ত হিসাবের মুখোমুখি হওয়ার আগেই প্রত্যেকের উচিত নিজের জীবনের হিসাব নেওয়া। ঈমান ও নেক আমলের মাধ্যমে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা।

তবে আল্লাহর রহমত ও ক্ষমার বিষয়টিও খুতবায় তুলে ধরেন মসজিদে নববির এই খতিব। তিনি স্মরণ করিয়ে দেন, মহান আল্লাহ মুমিনের গুনাহ গোপন রাখেন এবং তাকে ক্ষমা করে দেন। তাই জবাবদিহির ভয় ও আল্লাহর রহমতের আশা—দুটিই মুমিনের জীবনে থাকা প্রয়োজন।

খুতবায় মুসলমানদের সময় থাকতে নিজেদের আমল পর্যালোচনা, দায়িত্ব ও কর্তব্য পালনে সচেতন হওয়া এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়। সূত্র: দ্য গেট টু হারামাইন

জেবি