Dhaka Mail Logo

ইসলাম / আন্তর্জাতিক

ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখ সচেতনতামূলক বার্তা সৌদির

ঢাকা মেইল ডেস্ক

৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

ওমরাযাত্রীদের সঠিকভাবে ইবাদত পালনে সহায়তা করতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। ১৪৪৮ হিজরি ওমরা মৌসুমের প্রথম প্রান্তিকে ৯টি ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা প্রচার করেছে মন্ত্রণালয়। এসব কার্যক্রমের মাধ্যমে প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষ উপকৃত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মক্কার মসজিদুল হারামসংলগ্ন বিভিন্ন হোটেলের নামাজের স্থান এবং মক্কার হারাম এলাকার সীমানার বাইরের মসজিদগুলোতে ইলেকট্রনিক স্ক্রিন স্থাপন করা হয়েছে। এসব স্ক্রিনে ধাপে ধাপে ওমরার নিয়মকানুন, ইবাদত-বন্দেগি ও ধর্মীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি ওমরাযাত্রীদের নিয়মকানুন ও নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়েও সচেতন করা হচ্ছে।

আরও পড়ুন: হজে ৯ হাজার স্বেচ্ছাসেবকের ৬ লাখ ঘণ্টার সেবা

স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা নিজেদের পছন্দের ভাষায় ধর্মীয় বই, শিক্ষামূলক উপকরণ ও প্রয়োজনীয় নির্দেশনা পেতে পারেন। এছাড়া ওমরার নিয়মকানুন ও অন্যান্য ধর্মীয় বিষয়ে যোগ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চালু রয়েছে বহুভাষিক টোল-ফ্রি সেবা।

এই উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০-এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় হজ ও ওমরা খাতে চলমান ডিজিটাল রূপান্তরের অংশ। এর লক্ষ্য দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের সেবার মান উন্নত করা এবং তাদের ধর্মীয় সফরকে আরও সমৃদ্ধ করা।

এদিকে হজ ও ওমরা মন্ত্রণালয়ের ‘নুসুক’ ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমানে ১৩০টির বেশি সেবা রয়েছে। এর কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী ১৮০টির বেশি ভাষায় ধর্মীয় ও ব্যবহারিক বিষয়ে নির্দেশনা দিতে পারে।

সূত্র: আরব নিউজ