ধর্ম ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
পবিত্র মসজিদুল হারামে এক ইমামের নেতৃত্বে জামাতে নামাজ আদায়ের ১০০ বছর পূর্ণ হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ইনফরমেশন। তাদের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, ১৯২৬ সালের ২৭ অক্টোবর সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ আল সৌদ পৃথক জামাতে নামাজ আদায়ের প্রথা বন্ধের নির্দেশ দেন।
কয়েক শতাব্দী ধরে মসজিদুল হারামে চার মাজহাবের অনুসারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা ছিল। তারা নিজ নিজ ইমামের নেতৃত্বে পর্যায়ক্রমে জামাতে নামাজ আদায় করতেন। সাধারণত শাফেয়ি মাজহাবের অনুসারীরা আগে নামাজ পড়তেন, এরপর অন্য মাজহাবের অনুসারীরা। ফলে একই ওয়াক্তে একাধিক জামাত অনুষ্ঠিত হতো।
আরও পড়ুন: মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি, দেওবন্দের অসন্তোষ
বাদশাহ আবদুল আজিজ পৃথক জামাতের প্রথা বন্ধ করে সব মুসল্লিকে এক ইমামের পেছনে নামাজ আদায়ের ব্যবস্থা চালু করেন। এর ফলে মসজিদুল হারামে একই ওয়াক্তে একাধিক জামাতের পরিবর্তে একটি জামাতে নামাজ আদায়ের রীতি প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন: মক্কার পবিত্র হারাম এলাকা: সীমানা ও প্রবেশের নিয়মাবলি
এক ইমামের পেছনে নামাজ আদায়ের এই ব্যবস্থা গত ১০০ বছর ধরে অব্যাহত রয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ মুসল্লি মক্কার মসজিদুল হারামে একই ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করেন।
সূত্র: ইসলামিক ইনফরমেশন