Dhaka Mail Logo

ইসলাম

ঢাবিতে কোরআনের অর্থ অনুধাবনের তাৎপর্য নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

দেশ ও জাতি গঠনে আল-কোরআনের অর্থ অনুধাবন ও এর শিক্ষার বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারের বক্তারা।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘দেশ ও জাতি গঠনে কুরআন বুঝে পড়ার তাৎপর্য’ শীর্ষক সেমিনার ও আল-কোরআনের অর্থ পাঠ প্রতিযোগিতার চতুর্থ আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আলোচক মুফতি কাজী ইব্রাহীম। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড মুসলিম উম্মাহর সভাপতি মজুমদার মোহাম্মদ আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি শামীম বিন সাঈদী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর গ্লোবাল থট (ইউকে)-এর কান্ট্রি ডিরেক্টর ড. সফি আহমেদ।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক এবং আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, আল-কুরআন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর শিক্ষা যথাযথভাবে উপলব্ধি করতে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং এর অর্থ, মর্মবাণী ও নির্দেশনা অনুধাবন করা জরুরি। কোরআনের অর্থ বুঝে পড়লে নৈতিকতা, সততা, ন্যায়বিচার, মানবিকতা, সহনশীলতা ও পারস্পরিক দায়িত্ববোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।

তারা আরও বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কোরআনের মূল্যবোধের চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে কোরআনের অর্থ অনুধাবন, এর শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং দৈনন্দিন জীবনে সেই নির্দেশনা অনুসরণের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে আল-কোরআনের অর্থ পাঠ প্রতিযোগিতার চতুর্থ আসরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের কোরআনের অর্থ জানার আগ্রহ বাড়ানোর পাশাপাশি এর শিক্ষা অনুধাবন ও বাস্তব জীবনে প্রয়োগে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এএম