Dhaka Mail Logo

ইসলাম / আন্তর্জাতিক

ফ্রান্সের আন্দোলনকে ‘ইসলামের দখলচেষ্টা’ বললেন ট্রাম্প

ঢাকা মেইল ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে ‘ইসলামের ফ্রান্স দখলের চেষ্টা’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ আন্দোলনকারীদের ঘোষিত দাবির কেন্দ্রে রয়েছে শিক্ষকসংকট, জরাজীর্ণ স্কুল ভবন এবং শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থায়নের দাবি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে তা ‘নিয়ন্ত্রণের বাইরে ব্যাপক অভিবাসন’-এর ফল। তাঁর দাবি, এটি স্কুল বা শিক্ষার্থীদের আন্দোলন নয়, ‘ইসলাম ফ্রান্স দখলের চেষ্টা করছে।’

গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের বিভিন্ন শহরে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল অবরোধ করে বিক্ষোভ করছেন। মঙ্গলবার আন্দোলন আরও বড় আকার নেয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন শহরে বিক্ষোভ হয়।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ওইদিন দেশজুড়ে ২ লাখ ৬৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের একটি সংগঠনের দাবি, প্রায় দুই হাজার স্কুল অবরোধ বা বন্ধ ছিল। তবে সরকারি হিসাবে পুরোপুরি বা আংশিকভাবে ক্লাস বন্ধ থাকা স্কুলের সংখ্যা ৮৯১।

আরও পড়ুন: দিল্লিতে আন্দোলনের নতুন মুখ কে এই নেহা বোরা?

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং পুরোনো ভবনগুলোর অবস্থা জরাজীর্ণ। কোথাও ছাদ দিয়ে পানি পড়ে, কোথাও রয়েছে ইঁদুরের উপদ্রব। এর সঙ্গে ২০২৭ সালের শিক্ষাবাজেট নিয়ে সরকারের পরিকল্পনাও ক্ষোভ বাড়িয়েছে।

আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে-

  • শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষকদের দ্রুত বদলি
  • সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ক্লাসের সময় পর্যালোচনা
  • দুপুরের খাবারের জন্য শিক্ষার্থীদের আরও সময় দেওয়া
  • পুরোনো স্কুল ভবন পরিদর্শন ও সংস্কার
  • শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনা থেকে সরকারের সরে আসা

ট্রাম্পের বক্তব্যের সঙ্গে এসব দাবির সরাসরি মিল নেই। আন্দোলনকারীদের ঘোষিত দাবিতে অভিবাসন বা ইসলাম কোনো প্রধান বিষয় নয়।

আরও পড়ুন: ইসরায়েলি বর্বরতার ৩ বছর, হামাস কি গাজা শাসন করতে পারবে?

আন্দোলন সামাল দিতে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকার পুরোনো স্কুল ভবন সংস্কার, অনুপস্থিত শিক্ষকদের ঘাটতি পূরণ এবং শিক্ষার্থীদের উদ্বেগ নিয়ে আলোচনার উদ্যোগের কথা জানিয়েছে।

তবে বিভিন্ন স্থানে সংঘর্ষও হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী, স্কুলকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ৪৮৮ জনকে গ্রেফতার করা হয়। আন্দোলন শুরুর পর থেকে মোট গ্রেফতারের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে।

ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাষ্ট্রেও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অধিকারকর্মীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসন ও ইসলামকে ঘিরে এ ধরনের বক্তব্য রাজনৈতিক বিভাজন ও ইসলামবিদ্বেষকে আরও উসকে দিতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স, এএফপি