ধর্ম ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
মাত্র ২৯ হাজার টাকার ফান্ড নিয়ে ১০ দিনে ১ লাখ ৫১ হাজার ৮২২ টাকার পণ্য বিক্রি করেছেন ‘দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং’ কোর্সের শিক্ষার্থীরা। শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি জানান, ১০ দিন আগে কোর্সের শিক্ষার্থীদের হাতে ২৯ হাজার টাকার ফান্ড তুলে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল, তাদের বাস্তব বাজারে নামার এবং মানুষের সঙ্গে কথা বলার প্রাথমিক সাহস তৈরি করা। তবে শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছেন।
শায়খ আহমাদুল্লাহ জানান, মেন্টরদের গাইডলাইন মেনে শিক্ষার্থীরা প্রতিদিন কয়েক ঘণ্টা ফিল্ডওয়ার্ক করেছেন। তাদের সততার সঙ্গে করা পরিশ্রমের ফলে ১০ দিনে সম্মিলিত বিক্রি দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৮২২ টাকা।
আরও পড়ুন: শায়খ আহমাদুল্লাহর উদ্যোগ: ১০০ ইমামের লিডারশিপ প্রশিক্ষণ

তিনি বলেন, শিক্ষার্থীদের অনেকেই এর আগে কোনো পণ্য বিক্রি করেননি। এমনকি ক্রেতার সামনে দাঁড়িয়ে কথা বলতেও তারা দ্বিধা বোধ করতেন। তাদের এই পরিবর্তন তাঁকে মুগ্ধ করেছে।
পোস্টে তিনি আরও বলেন, সঠিক দিকনির্দেশনা ও তীব্র ইচ্ছাশক্তি থাকলে সামান্য পুঁজি নিয়েও বড় সাফল্য পাওয়া সম্ভব। এই শিক্ষার্থীরা তারই জীবন্ত প্রমাণ। মেহনতি তরুণদের স্বাবলম্বী হওয়ার এই পথচলায় তিনি তাদের জন্য দোয়া করেছেন।
আরও পড়ুন: প্রকৃত ধনাঢ্যতা হলো আত্মার: যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ জানান, ‘দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং’ কোর্সের ১০টি ব্যাচে এ পর্যন্ত মোট ২৬৪ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১১তম ও ১২তম ব্যাচে ৫০ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।
এদিকে কোর্সটির ১৩তম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে। থিওরি শিক্ষার পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমে দক্ষতা অর্জনের এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।