ধর্ম ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
মুয়াজজিনদের আজান ও ইকামাতের বিশুদ্ধ উচ্চারণ, সুরের দক্ষতা, কণ্ঠের যত্ন, দাওয়াহ ও ব্যক্তিত্ব উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে ১০ দিনব্যাপী ‘মুয়াজজিন প্রশিক্ষণ প্রোগ্রাম’-এর আয়োজন করছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি প্রতিষ্ঠানটির দ্বিতীয় ব্যাচের আয়োজন।
আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এতে আবাসিক ও অনাবাসিক উভয় ধরনের সুযোগ থাকছে। আসন সংখ্যা সীমিত।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে আজান ও ইকামাতের প্রতিটি শব্দের নির্ভুল ও বিশুদ্ধ উচ্চারণ, সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়েল এবং পবিত্র মদিনা ও মিসরের ঐতিহ্যবাহী আজানের সুরের অনুশীলন করানো হবে। পাশাপাশি কণ্ঠের বিশেষ যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ এবং কণ্ঠের স্কেল ঠিক রাখার ব্যায়ামও থাকবে।
আরও পড়ুন: এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ
এ ছাড়া তারবিয়াহ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আদর্শ মুয়াজজিনের গুণাবলি, কমিউনিকেশন ও নেগোশিয়েশন স্কিল এবং সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল দক্ষতার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সে রুকইয়াহ সেশন ও প্যারেন্টিং বিষয়ক ক্লাসও রাখা হয়েছে।
প্রশিক্ষণটি ১০০ শতাংশ স্কলারশিপের আওতায় অনুষ্ঠিত হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে আবাসন ও খাবারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি যাতায়াত খরচও প্রদান করা হবে।
দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত প্যানেল প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত মূল্যায়ন ও পরিচর্যা করবে বলেও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
প্রশিক্ষণে বর্তমানে মুয়াজজিন হিসেবে কর্মরত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। আবেদনকারীকে কোরআনে হাফেজ অথবা নাহবেমীর বা আলিয়া থেকে দাখিল সম্পন্নকারী হতে হবে। পাশাপাশি কণ্ঠে সুর থাকা এবং তা আয়ত্ত করার সক্ষমতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
আরও পড়ুন: ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সম্পন্ন
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ফোনে জানানো হবে। ভাইভা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬। প্রশিক্ষণ চলবে ২০ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সাতারকুল, কাজীবাড়ি ক্যাম্পাস (কবরস্থানের পাশে), উত্তর বাড্ডা, ঢাকা-এ। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে।