Dhaka Mail Logo

ইসলাম / আন্তর্জাতিক

৭৫টিরও বেশি দেশের সঙ্গে ২০২৭ সালের হজ প্রস্তুতি শুরু সৌদি আরবের

ঢাকা মেইল ডেস্ক

১৭ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। এ লক্ষ্যে ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দফতরের সঙ্গে সমন্বয় বৈঠক করছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। হজযাত্রীদের জন্য আগেভাগে প্রস্তুতি সম্পন্ন করা এবং সেবার মান আরও উন্নত করাই এসব বৈঠকের মূল লক্ষ্য।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকগুলোতে ২০২৭ সালের হজের প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর হজবিষয়ক দফতরের জমা দেওয়া পরিচালন পরিকল্পনাও পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া হজ কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিধিবিধান ও নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর হজ দফতরের উত্থাপিত বিভিন্ন চাহিদা এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব নিয়েও আলোচনা করা হচ্ছে। অনুমোদিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করাও এসব আলোচনার অন্যতম উদ্দেশ্য।

মন্ত্রণালয় বলেছে, আগাম প্রস্তুতির মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ এবং বিশ্বের বিভিন্ন দেশের হজ মিশনের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। এর ফলে হজ ব্যবস্থাপনায় প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি হজযাত্রীদের দেওয়া সেবার মানও উন্নত করা সম্ভব হবে।

আরও পড়ুন: এক বছরের ওমরা ভিসায়ও সৌদির নতুন শর্ত

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজযাত্রীদের সেবা দেওয়া এবং তাদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা শেষ করা পর্যন্ত পুরো যাত্রা সহজ করতে সৌদি নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

২০২৭ সালের হজের এই প্রস্তুতি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এসব উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরা পালনকারীদের সেবার মান উন্নত করা এবং তাদের সামগ্রিক অভিজ্ঞতা আরও ভালো করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পরবর্তী হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে শুরু করার দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। বিপুলসংখ্যক হজযাত্রীর যাতায়াত ও আবাসনসহ সামগ্রিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনায় সৌদি সরকারের বিভিন্ন সংস্থা এবং বিদেশের হজবিষয়ক দফতরগুলোর মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ উদ্যোগগুলোর উদ্দেশ্য হলো হজযাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়, তা নিশ্চিত করা।

সূত্র: গালফ নিউজ