Dhaka Mail Logo

ইসলাম

ফাস্টফুডে কি বাড়ছে রাগ ও অস্থিরতা? যা বললেন মাওলানা তারিক জামিল

ধর্ম ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম

অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ মানুষের আচরণ ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা তারিক জামিল। তার দাবি, এ ধরনের খাবারের কারণে মেজাজের ওঠানামা, রাগ বৃদ্ধি এবং সহনশীলতা কমে যেতে পারে, যার প্রভাব পারিবারিক জীবনেও পড়তে পারে।

সম্প্রতি একটি পডকাস্টে আধুনিক জীবনধারা, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

মাওলানা তারিক জামিল বলেন, বর্তমানে অনেক মানুষ ঘরে রান্না করা খাবারের পরিবর্তে বাইরের খাবারের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। বিশেষ করে নারীদের মধ্যে ঘরে রান্নার প্রবণতা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি স্বাভাবিক জীবনধারার পরিবর্তন এবং এর প্রভাব স্বাস্থ্য ও পারিবারিক ব্যবস্থার ওপর পড়তে পারে।

আরও পড়ুন: বাংলাদেশে আসছেন দুই তরুণ আন্তর্জাতিক ইসলামি বক্তা

নিজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় এক চিকিৎসক তাকে জানিয়েছিলেন, উত্তর আমেরিকায় এক বছরে বিষণ্নতার ওষুধের পেছনে প্রায় ১ ট্রিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল। তার ভাষ্য, বর্তমানে এ ধরনের সমস্যার মাত্রা আরও বেড়েছে।

মাওলানা তারিক জামিল বলেন, কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবার মানুষের শরীর ও মনের ওপর প্রভাব ফেলতে পারে। ফাস্টফুডের অতিরিক্ত ব্যবহার মেজাজে অস্থিরতা তৈরি, রাগ বৃদ্ধি এবং ধৈর্য কমে যাওয়ার কারণ হতে পারে। এর প্রভাব স্বামী-স্ত্রীর সম্পর্কসহ পারিবারিক শান্তির ওপরও পড়তে পারে।

আরও পড়ুন: ৭ আগস্ট বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক ও ঘরোয়া খাবারের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। দেশি ঘি ও ঐতিহ্যবাহী খাবার গ্রহণের পাশাপাশি জাঙ্কফুড ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, ঘরের রান্নার অভ্যাস কমে গেলে তা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। একই সঙ্গে বেকারি পণ্য ও কৃত্রিম উপাদানযুক্ত খাবার থেকেও সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, মাওলানা তারিক জামিল পাকিস্তানের অন্যতম পরিচিত ইসলামি বক্তা। জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে সহজ ভাষায় বক্তব্য দেওয়ার কারণে মুসলিম বিশ্বে তিনি ব্যাপক পরিচিত।

সূত্র: পাকিস্তানের জং নিউজ