ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) আগামী ৭ আগস্ট (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে খুতবাপূর্ব বয়ান করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করবেন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাঁর বয়ানে ঈমান-আকিদা, আমল-আখলাক, তাকওয়া, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের নির্দেশনা এবং নৈতিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
আরও পড়ুন: চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম
মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী (দা.বা.) বর্তমানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। হাদিসশাস্ত্র ও দ্বীনি শিক্ষায় তাঁর অবদানের জন্য তিনি ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলেম-ওলামার কাছে সুপরিচিত।
সফরের অংশ হিসেবে তিনি ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন। এ সময়ে বিভিন্ন দ্বীনি ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি আলেম-ওলামার সঙ্গে মতবিনিময় করছেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জুমার আগে জাতীয় মসজিদে তাঁর খুতবাপূর্ব বয়ানের আয়োজন করা হয়েছে। এতে মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।




