Dhaka Mail Logo

ইসলাম

বাংলাদেশে আসছেন দুই তরুণ আন্তর্জাতিক ইসলামি বক্তা

ধর্ম ডেস্ক

০৬ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

ভারতের বিশিষ্ট আলেম মুফতি শামায়েল নাদভী ও পাকিস্তানের জনপ্রিয় ইসলামি বক্তা তোয়াহা বিন জলিল বাংলাদেশ সফরে আসছেন। সমকালীন ইসলামি চিন্তা, যুবসমাজের চ্যালেঞ্জ ও শরিয়াহ বিষয়ে আলোচনার জন্য পরিচিত এই দুই বক্তার অংশগ্রহণে সিয়ান পাবলিকেশন লিমিটেড আয়োজন করছে দুটি আন্তর্জাতিক সেমিনার।

আগামী ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) এবং ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে সেমিনার দুটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, সেমিনারগুলোতে দেশ-বিদেশের আলোচকরা ইসলামের বিষয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা, আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা এবং তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শন নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: ৭ আগস্ট বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মুফতি শামায়েল নাদভী ও তোয়াহা বিন জলিলের পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরাও এতে বক্তব্য দেবেন বলে জানিয়েছে সিয়ান পাবলিকেশন লিমিটেড।

সেমিনারে অংশ নিতে আগ্রহীরা event.seanpublication.com ওয়েবসাইটের মাধ্যমে আসন সংরক্ষণ করতে পারবেন।

সেমিনার দুটির বিস্তারিত তথ্য জানাতে ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক।