Dhaka Mail Logo

ইসলাম / আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা ১৮৩ শতাংশ বেড়েছে

ঢাকা মেইল ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

যুক্তরাষ্ট্রে মসজিদ ও অন্যান্য ইসলামি স্থাপনা লক্ষ্য করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মে, জুন ও জুলাই মাসে এ ধরনের ঘটনার সংখ্যা ১৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার প্রকাশিত কেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে, জুন এবং জুলাই মাসের এ পর্যন্ত সময়ে ইসলামি স্থাপনা লক্ষ্য করে ১৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে। গত বছরের একই সময়ে এমন ঘটনার সংখ্যা ছিল ৬টি। অর্থাৎ মাত্র তিন মাসেই গত বছরের মোট ঘটনার ৫১ শতাংশ সংঘটিত হয়েছে।

নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে রয়েছে একটি মসজিদে সন্ত্রাসী হামলা, সহিংসতার হুমকি, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় পরিচয়ের কারণে ইসলামি ইবাদতগাহ প্রতিষ্ঠার বিরোধিতা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ 

কেয়ারের গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক কোরি সেলর বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ এখনো ঘৃণার একটি গ্রহণযোগ্য রূপ হিসেবে রয়ে গেছে। রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো এবং সহিংসতার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে উপাসনালয়গুলো।’

তিনি আরও বলেন, ‘উপাসনালয়গুলো যেন নিরাপদে নামাজ, আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে থাকে, তা নিশ্চিত করা কমিউনিটির নেতাদের দায়িত্ব। এ জন্য সর্বদা সতর্ক থাকা জরুরি।’

কেয়ারের ভাষ্য, কোনো বড় ঘটনার পরবর্তী তিন মাসের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষকেরা সাধারণত সহিংসতার প্রবণতা বেড়েছে কি না, তা মূল্যায়ন করেন।

এর উদাহরণ হিসেবে সংগঠনটি গত ১৮ মে ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে সংঘটিত হামলার কথা উল্লেখ করেছে। ওই হামলায় মুসলিমবিদ্বেষী শ্বেতাঙ্গ উগ্রবাদীদের হাত থেকে শিশুদের রক্ষা করতে গিয়ে আমিন আবদুল্লাহ, মানসুর কাজিহা এবং নাদির আওয়াদ প্রাণ উৎসর্গ করেন।

আরও পড়ুন: পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

কেয়ারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মসজিদ, ইসলামিক কমিউনিটি সেন্টার এবং মুসলিমদের উপাসনালয় হিসেবে পরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৩টি লক্ষ্যভিত্তিক ঘটনার তথ্য শনাক্ত করা হয়েছে। এসব তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে সংকলন করা হয়েছে।

গত মে মাসে কেয়ারের নিউ জার্সি শাখা (কেয়ার-এনজে) জানায়, অঙ্গরাজ্যটির অন্তত চারটি মসজিদ থেকে লক্ষ্যভিত্তিক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে ছিল হুমকিমূলক ফোনকল, বিদ্বেষমূলক চিঠি এবং শারীরিকভাবে ভয়ভীতি প্রদর্শন। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেয়ার-এনজেকে জানায়, আরও ছয়টি মসজিদ একই ধরনের হয়রানির শিকার হয়েছে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর

মসজিদ ও মুসলিম কমিউনিটির নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কেয়ার কমিউনিটি নেতাদের হালনাগাদ ‘বেস্ট প্র্যাকটিসেস ফর মসক অ্যান্ড কমিউনিটি সেফটি গাইড’ সংগ্রহে আগাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে। কেয়ার ও নর্থ আমেরিকান ইসলামিক ট্রাস্ট যৌথভাবে আগামী আগস্টের শেষ দিকে গাইডটি প্রকাশ করবে।

সূত্র: আনাদোলু