Dhaka Mail Logo

ইসলাম

এবার বন্যাকবলিত এলাকায় ৫০ টন পশুখাদ্য দিচ্ছে আস-সুন্নাহ

ধর্ম ডেস্ক

১৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম

বৃহত্তর চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশাপাশি গবাদিপশু রক্ষায় এবার ৮টি উপজেলায় ৫০ টন পশুখাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বন্যাদুর্গত ৮টি উপজেলায় ৫০ টন পশুখাদ্য পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি জানান, যেসব উপজেলায় পশুখাদ্য বিতরণ করা হবে সেগুলো হলো- বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, চকরিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বান্দরবান সদর এবং লামা।

শায়খ আহমাদুল্লাহ আরও জানান, এর আগে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন ৬৭ টন পশুখাদ্য বিতরণ করেছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবারও ক্ষতিগ্রস্ত এলাকার গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে নতুন ঘর দেবে আস-সুন্নাহ

তিনি বলেন, বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি ত্রাণ বিতরণ এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে দেশ-বিদেশের মানবিক মানুষকে এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, ফাউন্ডেশনের ওয়েবসাইট, ব্যাংক হিসাব এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরুরি ত্রাণ তহবিলে অনুদান পাঠানো যাচ্ছে।

উল্লেখ্য, চলমান বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন একের পর এক মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রথম ধাপে ৬ হাজার পরিবারের মধ্যে জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যায় ঘরহারা ৩০০ পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এবার সেই কার্যক্রমের ধারাবাহিকতায় বন্যাকবলিত ৮টি উপজেলায় ৫০ টন পশুখাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।