Dhaka Mail Logo

ইসলাম

ক্রিপ্টোকারেন্সি নিয়ে ফতোয়া দিলেন মুফতি তাকি উসমানী

ধর্ম ডেস্ক

১০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পিএম

পাকিস্তানের বৃহত্তম কওমি মাদরাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া-এর সভাপতি এবং দারুল উলুম করাচি-এর প্রধান মুফতি মুহাম্মদ তাকি উসমানী ক্রিপ্টোকারেন্সির শরয়ি অবস্থান নিয়ে নতুন একটি ফতোয়া প্রকাশ করেছেন। এতে তিনি বর্তমান গবেষণা, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং বিদ্যমান তথ্য-উপাত্তের আলোকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেনকে শরিয়তসম্মত নয় বলে মত দিয়েছেন।

প্রকাশিত ফতোয়ায় মুফতি তাকি উসমানী বলেন, এ পর্যন্ত বিশেষজ্ঞদের গবেষণা ও বিশ্লেষণ অনুযায়ী ক্রিপ্টোকারেন্সিকে শরিয়তের পরিভাষায় প্রকৃত অর্থে ‘মাল’ (সম্পদ) হিসেবে গণ্য করার যথেষ্ট ভিত্তি পাওয়া যায় না। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি মূলত হিসাবের খাতায় নিবন্ধিত কিছু ডিজিটাল বা কাল্পনিক সংখ্যার সমষ্টি, যা স্বয়ংসম্পূর্ণ সম্পদের মর্যাদা অর্জন করে না।

আরও পড়ুন: ক্রিপ্টো ব্যবসায় এক বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার

ফতোয়ায় আরও উল্লেখ করা হয়, লেনদেনটি ইউএসডিটি (USDT)-এর মাধ্যমে হোক কিংবা অন্যকোনো ক্রিপ্টো টোকেন ব্যবহার করে সম্পন্ন করা হোক- বর্তমান বাস্তবতা ও গবেষণার আলোকে এ ধরনের কেনাবেচা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়।

এদিকে মুফতি তাকি উসমানীর ছেলে হাসান উসমানীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ক্রিপ্টোকারেন্সিবিষয়ক ফতোয়াটি তাঁর পিতা মুফতি মুহাম্মদ তাকি উসমানীরই জারি করা ফতোয়া।

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা

উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সির শরয়ি বৈধতা নিয়ে মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে। বিভিন্ন দেশের আলেম, মুফতি এবং ইসলামি গবেষণা প্রতিষ্ঠান এ বিষয়ে ভিন্ন ভিন্ন ফতোয়া ও ব্যাখ্যা দিয়ে আসছেন। সর্বশেষ মুফতি তাকি উসমানীর এই ফতোয়া বিষয়টিকে ঘিরে নতুন করে আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।

সূত্র: রোজনামায়ে জং