images

ইসলাম

নতুন গিলাফে মোড়ানো হলো আল্লাহর ঘর

ধর্ম ডেস্ক

১৬ জুন ২০২৬, ১২:৫৯ পিএম

নতুন হিজরি বছরের শুরুতে পবিত্র কাবা শরিফে পরানো হয়েছে নতুন গিলাফ। শতাব্দীপ্রাচীন এই বার্ষিক কর্মসূচি এবারও অত্যন্ত মর্যাদা ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববি বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এবং কিং আবদুল আজিজ কমপ্লেক্সের বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কারিগরদের তত্ত্বাবধানে গিলাফ পরিবর্তনের কাজ সম্পন্ন হয়। প্রথমে পুরোনো গিলাফ ও সংশ্লিষ্ট অলঙ্করণ সরিয়ে ফেলা হয়। এরপর কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ মান বজায় রেখে নতুন গিলাফটি কাবা শরিফে পরানো হয়।

আরও পড়ুন: রাতেই নতুন গিলাফে সাজবে কাবা, ১১ মাসে তৈরি ৬৮ আয়াতের কিসওয়া

কাবার গিলাফ তৈরি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এতে ব্যবহৃত হয় প্রায় ৮২৫ কেজি খাঁটি প্রাকৃতিক সিল্ক, ৪৭ থান কালো সিল্ক, ৪০০ কেজি তুলা, ৬০ কেজি রুপা এবং ১২ কেজি সোনাজড়ানো রুপার সুতো। গিলাফের ওপর পবিত্র কোরআনের আয়াত ও ইসলামি নকশা সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।

গিলাফ তৈরির আগে সিল্ক ও অন্যান্য উপকরণ বিশেষ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়, যাতে তা এক বছরজুড়ে আবহাওয়ার বিভিন্ন প্রতিকূলতা সহ্য করতে পারে। এরপর নকশা অঙ্কন, এমব্রয়ডারি, হাতে বয়ন এবং চূড়ান্ত সংযোজনসহ মোট সাতটি ধাপে গিলাফ তৈরির কাজ সম্পন্ন হয়।

আরও পড়ুন: কাবা বায়তুল্লাহ: আল্লাহর কুদরতি নিদর্শন

আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের সমন্বয়ে তৈরি এই গিলাফ ইসলামি শিল্পকলার এক অনন্য নিদর্শন। পূর্ণাঙ্গ প্রস্তুতির পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এটি মসজিদুল হারামে নিয়ে আসা হয় এবং কাবা শরিফে পরানো হয়।

আরও পড়ুন: তীব্র গরমেও হারামাইনের চত্বর শীতল কেন?

সৌদি আরব দীর্ঘদিন ধরে পবিত্র দুই মসজিদের খেদমতের অংশ হিসেবে কাবা শরিফের গিলাফ পরিবর্তনের এই দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছর হিজরি নববর্ষে গিলাফ পরিবর্তনের এই মহিমান্বিত দৃশ্য বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিশেষ আবেগ ও আগ্রহের জন্ম দেয়।