images

ইসলাম

১৫ লাখের বেশি হাজির পদভারে মুখর মিনা, যেভাবে কাটছে ৮ জিলহজ

ধর্ম ডেস্ক

২৫ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম পবিত্র হজ পালনে এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ লাখেরও বেশি মুসলিম সৌদি আরবে সমবেত হয়েছেন। সোমবার আনুষ্ঠানিকভাবে হজের মূল কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি তুলে হাজিরা দলে দলে মিনার পথে রওনা হচ্ছেন।

mina-hajj

সৌদি হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ বিন সাদ আল-মুরাব্বা জানিয়েছেন, বিদেশি হাজিদের আগমন ইতিমধ্যে ১৫ লাখ ছাড়িয়ে গেছে। ইনসাইড দ্য হারামাইনসহ বিভিন্ন সূত্রে প্রকাশিত ছবি ও ভিডিওতে হাজিদের পায়ে হেঁটে মিনার পথে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।

আরও পড়ুন: আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড

তীব্র গরমেও থেমে নেই ইবাদত

মক্কায় এখন চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমের মধ্যেও হাজিরা কাবা শরীফ তাওয়াফসহ হজের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। রোদ থেকে বাঁচতে তাদের হাতে দেখা যাচ্ছে ছাতা, ছোট ইলেকট্রিক ফ্যান ও পানির স্প্রে। মিনার তাঁবু শহরে স্বেচ্ছাসেবীরা পানি বিতরণ করছেন এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে শীতলীকরণ ব্যবস্থা ও মিস্ট ফ্যান বসানো হয়েছে।

mina-haz

যেমন কাটবে আজকের দিন

৮ জিলহজের এই দিনটি হাজিদের জন্য ইবাদত ও আত্মশুদ্ধির দিন। আজ জোহর থেকে আগামীকাল ফজর পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা সুন্নত। মক্কার বাইরে থেকে আসা হাজিরা মুসাফির হিসেবে জোহর, আছর ও এশা কসর আদায় করবেন। নামাজের পাশাপাশি জিকির, ইস্তেগফার, দরুদ ও কোরআন তেলাওয়াতে সময় কাটাবেন হাজিরা। আজ রাতটিও মিনায় যাপন করা সুন্নত।

উত্তেজনার মধ্যেও আধ্যাত্মিক প্রশান্তি

এবারের হজ অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে। ইরান সংকট ও সাময়িক যুদ্ধবিরতি নিয়ে পুরো অঞ্চল এখনও সতর্ক অবস্থায় রয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা এবং আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা গেছে।

আরও পড়ুন: আরাফার দিন রোজা রাখার পুরস্কার

pilgrims-to-mina

তবে ভূরাজনৈতিক এই উদ্বেগ হাজিদের আধ্যাত্মিক মনোযোগে ভাটা ফেলতে পারেনি। মিশর থেকে আসা হাজি সামিয়া আবদুল মোনাইম বলেন, ‘আমি এক পরম সৌভাগ্যের মধ্যে আছি। এটা সত্যিই অবর্ণনীয় অনুভূতি। আলহামদুলিল্লাহ, আমি এক আশীর্বাদের মধ্যে রয়েছি।’

mina-hajj-lecture

কাল আরাফাত, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন

আগামীকাল মঙ্গলবার (৯ জিলহজ) হাজিরা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশে- যেখানে অবস্থান করা হজের প্রধান ফরজ রোকন। সেদিন হজের খুতবা দেওয়া হবে এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান শেষে হাজিরা যাবেন মুজদালিফায়। সেখানে রাতযাপন শেষে পুনরায় মিনায় ফিরে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

সূত্র: গালফ নিউজ, ইনসাইড দ্য হারামাইন