ঢাকা মেইল ডেস্ক
২০ মে ২০২৬, ০৪:২৭ পিএম
পশ্চিমবঙ্গ সরকারের গরু জবাই ও গবাদিপশু বিক্রয়সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করার সিদ্ধান্ত ঘিরে চলমান বিতর্কের মধ্যে গরুকে ভারতের ‘জাতীয় পশু’র মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন ভারতের প্রখ্যাত আলেম মাওলানা আরশাদ মাদানি। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহ-সভাপতি এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি।
ভারতীয় মুসলিমদের শীর্ষ এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী গরুকে শুধু ধর্মীয়ভাবে পবিত্রই মনে করে না, বরং গভীরভাবে শ্রদ্ধাও করে। তাই গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হলে সামাজিক সংবেদনশীলতা ও সম্প্রীতি আরও সুসংহত হতে পারে।
মাওলানা মাদানি বলেন, গরু ঘিরে বিভিন্ন রাজ্যে যে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হচ্ছে, তা এ ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে কিছুটা প্রশমিত হতে পারে।
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে পশু কোরবানির ওপর নানা বিধিনিষেধ
গরু কোরবানিতে বিধিনিষেধ, শুভেন্দুর ওপর চটেছেন হিন্দু ব্যবসায়ীরা
এদিকে পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে গবাদিপশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে বলে জানা গেছে। এতে গবাদিপশুর পরিবহন ও জবাইয়ের ক্ষেত্রে কঠোর নথিপত্র যাচাই ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ গবাদিপশু বাণিজ্য ও চোরাচালান রোধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ বলছে, এটি আইনশৃঙ্খলা ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সহায়ক হবে, অন্যদিকে সমালোচকদের মতে, এতে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।
জেবি