বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গে পশু কোরবানির ওপর নানা বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে পশু কোরবানির ওপর নানা বিধিনিষেধ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরপরই পশু জবাই নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের কোথাও প্রকাশ্যে গরুসহ কোনো পশু জবাই করা যাবে না। এমনকি ব্যক্তিগত বা অপ্রকাশ্য স্থানেও পশু জবাই করতে হলে প্রশাসনের পূর্বানুমতি নিতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিপির এক প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। নতুন নিয়মে উল্লেখ করা হয়েছে, জবাইয়ের আগে সংশ্লিষ্ট পশুকে উপযুক্ত ঘোষণা করে সনদ নিতে হবে। সনদে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স কমপক্ষে ১৪ বছর এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া বয়সজনিত সমস্যা, গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম হলেও সেই পশুকে জবাইয়ের অনুমতি দেওয়া যেতে পারে।


বিজ্ঞাপন


নির্দেশনায় আরও বলা হয়েছে, গরু, ষাঁড়, মহিষসহ সব ধরনের পশুর ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমোদন ও সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ নিতে হবে। অন্যথায় পড়তে হবে জরিমানার মুখে। 

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, এই সনদ যৌথভাবে দেবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক। যদি কোনো আবেদন বাতিল করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

জবাইয়ের ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে বিশেষ স্থান। অনুমতি পাওয়া পশু কেবল পৌরসভার কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


বিজ্ঞাপন


নিয়ম বাস্তবায়নে প্রশাসনকে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে। পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন এবং এ কাজে বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর