images

ইসলাম / আন্তর্জাতিক

মসজিদে নববিতে বয়স্ক ও প্রতিবন্ধী হাজিদের জন্য নতুন সেবা চালু

ধর্ম ডেস্ক

১৩ মে ২০২৬, ০৮:৩১ পিএম

চলতি হজ মৌসুমে (২০২৬) মদিনার মসজিদে নববিতে বয়স্ক এবং প্রতিবন্ধী হাজিদের চলাফেরা ও ইবাদত সহজ করতে বিশেষ যাতায়াত ও সহায়তা সেবা চালু করেছে সৌদি আরব। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মসজিদ ও এর আঙিনায় যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটানো হয়।

হাজিদের সহজে চলাফেরা নিশ্চিত করতে বৈদ্যুতিক ও ম্যানুয়াল হুইলচেয়ারের পাশাপাশি নির্দিষ্ট পথে যাতায়াতের জন্য বিশেষ ‘ট্রান্সপোর্ট কার্ট’-এর ব্যবস্থা করা হয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কথা মাথায় রেখে প্রবেশপথ, চলাচলের গলি এবং লিফটগুলোকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। এছাড়া তাদের জন্য আলাদা নামাজের জায়গা এবং ব্যবহারোপযোগী টয়লেটের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ‘সেহাতি’ অ্যাপে হজের টিকা বুকিংয়ের নিয়ম জানাল সৌদি আরব

মসজিদের চারপাশের কেন্দ্রীয় এলাকায় হাজিদের দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ গাইড টিম। এই দলগুলো হাজিদের নামাজের জায়গা খুঁজে পেতে এবং ভিড়ের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে মসজিদের প্রতিটি গেটে ‘কিউআর কোড’ ভিত্তিক ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে হাজিরা সহজেই মসজিদের বিভিন্ন সেবা ও স্থানের অবস্থান জানতে পারছেন। পাশাপাশি রয়েছে বহুভাষিক গাইড সেবা এবং বিশেষভাবে সজ্জিত বিশ্রামাগার।

সৌদি আরব সরকারের বৃহত্তর পরিবহন, স্বাস্থ্যসেবা এবং জননিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, যাতে হাজিরা একটি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে হজ পালন করতে পারেন।

সূত্র: গালফ নিউজ