images

ইসলাম

হাফেজ্জী হুজুরের স্মরণে ডিএসসিসির নতুন সড়ক উদ্বোধন

ধর্ম ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীর এক ব্যস্ত ও ঐতিহাসিক সড়ককে নামকরণের মাধ্যমে প্রখ্যাত আলেম ও সমাজ সংস্কারক আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এই সড়কটি পূর্বে ‘ফিনিক্স রোড’ নামে পরিচিত ছিল এবং বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত প্রায় ৫৩০ মিটার দীর্ঘ। নতুন নামকরণের ফলে সড়কটি হাফেজ্জী হুজুরের অবদানের স্মৃতি বহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন দেশের একজন বিশিষ্ট আলেম ও সমাজ সংস্কারক। নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। এমন একজন গুণী ব্যক্তিত্বের নামে সড়কের নামকরণ আমাদের জন্য গৌরবের বিষয়। এটি নতুন প্রজন্মকে মানবিকতা ও নৈতিকতার পথে চলতে উদ্বুদ্ধ করবে।’

আরও পড়ুন: উত্তরায় হাফেজ্জী হুজুর স্মরণে নতুন সড়কের উদ্বোধন

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ও সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতেই এই নামকরণ সম্পন্ন হয়েছে। সড়ক উদ্বোধনের পাশাপাশি জনস্বাস্থ্যের গুরুত্বও তিনি তুলে ধরেন। বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের সচেতনতার আহ্বান জানান।

প্রশাসক বলেন, ‘বাড়ি ও আশেপাশে পানি জমতে দেবেন না। এডিস মশার বিস্তার রোধে সকলে সতর্ক থাকুন।’ তিনি জানান, ডিএসসিসি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মশক নিধনের নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা এবং বিপুলসংখ্যক এলাকার বাসিন্দা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।