images

ইসলাম

লাইসেন্সহীন খাদ্য ব্যবসায় ১০ বছরের জেল, কোটি রিয়াল জরিমানা

ধর্ম ডেস্ক

২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

২০২৬ সালের হজ মৌসুমে হাজিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। লাইসেন্স বা নিবন্ধন ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন কিংবা সংরক্ষণ (মজুত) করলে ১০ বছরের জেল এবং ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, সকল খাদ্য কারখানা এবং গুদামকে অবশ্যই ‘খাদ্য আইন’ ও এর বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। হাজিদের জন্য নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করা সৌদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

আরও পড়ুন হজ ২০২৬: নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে সৌদির ব্যাপক প্রস্তুতি

এসএফডিএ স্পষ্ট করেছে যে, এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। লাইসেন্সপ্রাপ্ত স্থাপনার বাইরে খাদ্য সংরক্ষণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান পুনরায় চালু করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া অনুমোদিত মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ পণ্য কেনাবেচা করলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির মধ্যে রয়েছে- বড় অংকের জরিমানা, কারাদণ্ড, ১৮০ দিন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যবসা স্থগিত রাখা এবং এক বছরের জন্য লাইসেন্স বাতিল বা স্থগিত করা।

হজ চলাকালীন খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সৌদি সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা নিয়ম লঙ্ঘন দেখলে ১৯৯৯৯ এই ইউনিফাইড নম্বরে রিপোর্ট করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ