ধর্ম ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম
মৃত্যুর পর মৃতদেহকে সোজা ও স্বাভাবিক অবস্থায় রাখা সুন্নাহসম্মত। তবে পায়ের আঙুল বেঁধে রাখা কি শরিয়তের নির্দিষ্ট কোনো বিধান, নাকি কেবল একটি প্রচলিত ব্যবহারিক প্রথা এ বিষয়ে ফিকহি গ্রন্থসমূহের আলোকে রয়েছে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা।
মানুষের মৃত্যুর পর তার দেহের প্রতি সম্মান প্রদর্শন এবং শরিয়তসম্মতভাবে গোসল, কাফন ও দাফন সম্পন্ন করা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এ প্রক্রিয়ায় মৃতদেহকে সঠিক ও মর্যাদাপূর্ণ অবস্থায় রাখা সম্পর্কিত কিছু ব্যবহারিক নির্দেশনা ফিকহি গ্রন্থসমূহে আলোচিত হয়েছে।
হাদিস ও সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত, মৃত্যুর পর মৃতব্যক্তির দেহের প্রতি দ্রুত ও সম্মানজনক ব্যবস্থা গ্রহণ করা সুন্নত। এর মধ্যে রয়েছে-
রাসুলুল্লাহ (স.) মৃত ব্যক্তির দাফন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। (তিরমিজি: ১/২০৬) ফিকহবিদদের মতে, এসব ব্যবস্থা মূলত মৃতের মর্যাদা রক্ষা এবং দেহের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য।
আরও পড়ুন: জানাজা শেষে মৃতব্যক্তির চেহারা দেখা যাবে কি?
ফিকহি গ্রন্থসমূহে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, মৃত ব্যক্তির পায়ের আঙুল বাঁধা সুন্নত বা আবশ্যক কোনো বিধান নয়। এ বিষয়ে শরিয়তের কোনো সরাসরি নির্দেশনা পাওয়া যায় না।
এটি মূলত একটি ব্যবহারিক ব্যবস্থা, যার উদ্দেশ্য দেহকে সোজা ও সুশৃঙ্খল রাখা। মৃত্যুর পর শরীর শক্ত হয়ে যাওয়ার কারণে পা ছড়িয়ে যাওয়া বা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে কিছু এলাকায় অভিজ্ঞতাভিত্তিকভাবে পায়ের বৃদ্ধাঙ্গুলি বা দুই পা হালকা করে একত্রে বেঁধে রাখা হয়।
১. দেহ সোজা রাখা: মৃত্যুর পর শরীর শক্ত হলে পা স্বাভাবিক অবস্থান থেকে সরে যেতে পারে। হালকা বাঁধনে দেহ সোজা থাকে।
২. গোসল ও কাফনের সুবিধা: দেহ সোজা থাকলে গোসল ও কাফন পরানো সহজ হয়।
৩. মর্যাদা রক্ষা: মৃতদেহকে এলোমেলো অবস্থায় না রেখে সুশৃঙ্খল রাখা হয়।
(রদ্দুল মুহতার: ২/১৮৯; ফতোয়ায়ে আলমগিরি: ১/১৫৭)
এখানে চিবুক বাঁধা ও দেহকে সোজা রাখার বিষয়টি উল্লেখ থাকলেও পায়ের আঙুল বাঁধাকে সুন্নত বা শরয়ি নির্দেশ হিসেবে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: মৃতব্যক্তিকে গোসল করানোর পদ্ধতি
অনেকে মনে করেন- পায়ের আঙুল না বাঁধলে মৃতের কোনো ক্ষতি হবে বা আত্মার কোনো সমস্যা হবে। ফিকহি দৃষ্টিতে এসব ধারণার কোনো ভিত্তি নেই এবং এগুলো কুসংস্কার হিসেবে গণ্য। পায়ের আঙুল বাঁধার একমাত্র উদ্দেশ্য হলো মৃতদেহকে সুশৃঙ্খল রাখা।
প্রয়োজন শেষ হলে এসব বাঁধন খুলে দেওয়া হয়। কাফন পরানোর সময় আলাদাভাবে পায়ের আঙুল বাঁধার প্রয়োজন হয় না।
মোটকথা, মৃতব্যক্তির পায়ের আঙুল বাঁধা ইসলামের কোনো সুন্নত বা আবশ্যক বিধান নয়। এটি একটি ব্যবহারিক ব্যবস্থা মাত্র, যার উদ্দেশ্য দেহকে সোজা রাখা ও কাফন-দাফনের কাজ সহজ করা। ইসলামের মূল শিক্ষা হলো- মৃতব্যক্তিকে সম্মান ও শরিয়তসম্মত পদ্ধতিতে দ্রুত দাফন করা।