ঢাকা মেইল ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী মে মাসে দেশটির বাসিন্দারা বছরের অন্যতম দীর্ঘ এই ছুটি উপভোগ করতে পারবেন। পবিত্র আরাফাহ দিবস ও ঈদুল আজহাকে কেন্দ্র করে এই টানা ছুটির হিসাব সামনে এসেছে।
সম্প্রতি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে আরাফাহ দিবস পালিত হয়, যা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র। এর পরপরই তিন দিনব্যাপী ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে।
আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত
জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে আরাফাহ দিবস পড়তে পারে মঙ্গলবার, ২৬ মে। এর পরদিন অর্থাৎ ২৭ থেকে ২৯ মে (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এর সঙ্গে সপ্তাহের শেষ দুই দিন (শনিবার ও রোববার) যুক্ত হলে মোট ছুটির পরিমাণ দাঁড়াবে ছয় দিন।
এছাড়া কোনো চাকরিজীবী যদি সোমবার (২৫ মে) একদিনের বার্ষিক ছুটি নেন, তবে আগের সপ্তাহের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হবে। এতে ভ্রমণ কিংবা পারিবারিক সময় কাটানোর জন্য বাড়তি সুযোগ সৃষ্টি হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে জিলহজ মাস শুরু হতে পারে ১৮ মে। তবে এই সম্ভাব্য সময়সূচি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে নির্ধারিত। চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
আরও পড়ুন: কোরবানির প্রচলিত ৫ ভুল ধারণা ও সঠিক ব্যাখ্যা
পবিত্র ঈদুল আজহা ইসলামের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবের মূল শিক্ষা হলো তাকওয়া তথা আল্লাহভীতি। ব্যক্তিগত অহমিকা বা লোকদেখানো নয়; বরং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু বিসর্জন দেওয়াই কোরবানির মূল উদ্দেশ্য।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে তা তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ।’ (সুরা হজ : ৩২)