images

ইসলাম

দৌলতদিয়ায় বাসডুবি: যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

ধর্ম ডেস্ক

২৬ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের দুই জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী। পৃথক ফেসবুক বার্তায় তাঁরা এই দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া এবং দেশের যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ: ‘উন্নয়নের ফিরিস্তি শুনতে শুনতে আমরা ক্লান্ত’

শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর মতো নিরাপদ সড়কের জন্য আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে!’ প্রতিটি দুর্ঘটনার পেছনে সামগ্রিক অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, চারদিকে উন্নয়নের কথা শোনা গেলেও যাতায়াত, নৌপথ কিংবা চিকিৎসার মতো মৌলিক নিরাপত্তা এখনও অধরা। দৌলতদিয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি নিহতদের জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করেন।

আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্ত: শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও প্রার্থনা

মিজানুর রহমান আজহারী: ‘এদেশে দাম কমে শুধু মানুষের’

একই ঘটনায় মাওলানা মিজানুর রহমান আজহারী সাম্প্রতিক সময়ের বিভিন্ন মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি চারণ করে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এই দৃশ্যগুলো দেখতে আর ভালো লাগে না। এদেশে দাম বাড়ে সবকিছুর, কমে শুধু মানুষের।’ প্রতিটি জেলায় অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজহারীও নিহতদের জান্নাত নসিব এবং স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে আজহারীর ফেসবুক পোস্ট

উল্লেখ্য, বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টায় উদ্ধারকাজ চলমান রয়েছে। এ ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব গভীর শোক প্রকাশ করে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছেন এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।