images

ইসলাম

স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারেন?

ধর্ম ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

ইসলামের অন্যতম ফরজ ইবাদত জাকাত। নির্দিষ্ট নিসাবের মালিকদের ওপর এটি বাধ্যতামূলক। তবে জাকাত বিতরণের ক্ষেত্রে নিকটাত্মীয়দের অধিকার ও সীমাবদ্ধতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষ করে, ‘স্ত্রী কি তার দরিদ্র স্বামীকে জাকাতের অর্থ দিতে পারেন?’ বিষয়টি নিয়ে শরিয়তের স্পষ্ট বিধান রয়েছে।

কাকে জাকাত দেওয়া নিষিদ্ধ?

ইসলামি শরিয়ত অনুযায়ী, যাদের ভরণপোষণের দায়িত্ব জাকাতদাতার ওপর ওয়াজিব, তাদের জাকাত দেওয়া যায় না। এই তালিকায় রয়েছেন- পিতা-মাতা, দাদা-দাদি ও নানা-নানি। সরাসরি অধস্তন বংশধর যেমন—ছেলে-মেয়ে ও নাতি-নাতনি। স্ত্রীর যাবতীয় ভরণপোষণের দায়িত্ব স্বামীর ওপর, তাই স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারেন না।

স্বামীকে জাকাত দেওয়ার বিধান

স্ত্রীর ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। স্ত্রী যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন এবং স্বামী প্রকৃতপক্ষে অভাবী হন, তবে স্ত্রী তাকে জাকাত দিতে পারবেন। শরিয়তমতে, স্ত্রীর ওপর স্বামীর ভরণপোষণের দায়িত্ব নেই; তাই স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারেন।

আরও পড়ুন: আপন বোনকে জাকাত দেওয়া যাবে?

পবিত্র কোরআনে জাকাত পাওয়ার আটটি খাতের উল্লেখ রয়েছে- ‘নিশ্চয়ই সদকা (জাকাত) দরিদ্র, অভাবগ্রস্ত, যারা জাকাত সংগ্রহের কাজে নিয়োজিত, যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের সাহায্যে, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য নির্ধারিত।’ (সুরা তওবা: ৬০)

আত্মীয়দের জাকাত ও দ্বিগুণ সওয়াব

স্বামী ছাড়াও অভাবী ভাই-বোন, চাচা, মামা, খালা ও ফুফুকে জাকাত দেওয়া যায়। আত্মীয়দের জাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায় বলে হাদিসে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘সাধারণ দরিদ্রদের সদকা দিলে তা শুধু সদকা হয়, আর আত্মীয়কে দিলে তাতে সদকা এবং আত্মীয়তার হক আদায়- উভয় সওয়াব পাওয়া যায়।’ (তিরমিজি: ৬৫৮; ইবনে মাজাহ: ১৮৪৪)

আরও পড়ুন: শ্বশুর-শাশুড়িকে জাকাত দেওয়া যাবে?

প্রদানের ক্ষেত্রে গোপনীয়তা

নিকটাত্মীয় বা স্বামী যদি জাকাত গ্রহণে সংকোচ বোধ করেন, তবে তাদের এটি ‘জাকাতের টাকা’- তা বলা জরুরি নয়। দাতা চাইলে উপহার বা হাদিয়ার নামেও এই অর্থ পৌঁছে দিতে পারেন। এতে জাকাত আদায়ের পাশাপাশি গ্রহীতার আত্মসম্মানও বজায় থাকে। 

তবে প্রদানের আগে গ্রহীতা শরিয়ত নির্ধারিত জাকাত পাওয়ার যোগ্য কি না, তা নিশ্চিত হওয়া আবশ্যক।