ধর্ম ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর দোরগোড়ায় পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করলেও সবার নজর এখন শাওয়াল মাসের চাঁদ দেখার দিকে- কবে উদযাপিত হবে ঈদুল ফিতর।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে সৌদি আরব কর্তৃপক্ষ ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি কোনো কারণে বুধবারই চাঁদ দেখা যায়, তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদযাপিত হতে পারে।
আরও পড়ুন: ঈদযাত্রার সুন্নতগুলো জেনে রাখুন
ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যাওয়াই প্রচলিত। সেই হিসেবে দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২১ মার্চ (শনিবার)।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর। আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) বায়তুল মোকাররমে কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে; অন্যথায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়ে শনিবারই ঈদ হবে।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বেড়েছে মানুষের চাপ। সরকারি ছুটি শুরু হওয়ায় যাত্রীদের ঢল নেমেছে বিভিন্ন গন্তব্যে। যানজট ও ভোগান্তি সত্ত্বেও প্রিয়জনদের কাছে ফেরার আনন্দে মানুষের আগ্রহে কোনো ঘাটতি নেই।
এদিকে আবহাওয়া অধিদপ্তর দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিলেও যাত্রাপথে তার বড় প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ঈদের চাঁদ দেখার অপেক্ষায় এখন পুরো দেশ। চাঁদ দেখা সাপেক্ষেই নির্ধারিত হবে উৎসবের চূড়ান্ত দিন, আর সেই সঙ্গে শুরু হবে আনন্দের মহোৎসব।