ধর্ম ডেস্ক
০৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
বিশ্বখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তানের প্রবীণ আলেম মুফতি তাকি উসমানি সম্প্রতি ইরান ও মুসলিম বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুসলমানদের এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এই মুহূর্তে মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা।
মুফতি তাকি উসমানি বলেন, ‘ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী এবং আমাদের সঙ্গে তাদের আকিদাগত মতভেদ আছে। কিন্তু এখন সময় নয় যে শিয়া-সুন্নি বিরোধকে উসকে দেওয়া। আমাদের উচিত, এই পরিস্থিতিতে তাদের সমর্থন করা, কারণ হামলা হয়েছে মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি হিসেবে খামেনির ওপর, শিয়া হওয়ার কারণে নয়।’
তিনি আরও প্রশ্ন তুলেছেন, ‘আমেরিকা কি এজন্য হামলা করেছে যে তারা আমাদের আকিদার বিরুদ্ধে ছিল? না। বরং খামেনি মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি হিসেবে দেখা হতো, এজন্য হামলা।’
আরও পড়ুন: শিয়া ও আহলে সুন্নাহ: আকিদাগত পার্থক্য ও সমসাময়িক বাস্তবতা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণের তীব্র সমালোচনা করে মুফতি তাকি উসমানি বলেন, ‘বর্তমানে এক ধরনের বৈশ্বিক গুন্ডামি শুরু হয়েছে। ট্রাম্প যখন ইচ্ছা, কোনো রাষ্ট্রপ্রধানের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করতে পারেন এবং সেই দেশ দখল করতে পারেন। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, নৈতিকতা বা সহনশীলতা কোনোভাবেই মানা হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে, যা তাদের চক্রান্তের অংশ।’
তিনি সতর্ক করে বলেন, ‘ইরানের ওপর হামলা করে আমেরিকা ও ইসরায়েল চেষ্টার মধ্যে আছে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা, যাতে মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করে শক্তি ক্ষয় করে। কিছু মানুষ হামলাকে শিয়া-সুন্নি বিরোধের দৃষ্টিকোণ থেকে দেখছে, যা মূল সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে।’
মুফতি তাকি উসমানি পাকিস্তান সরকারের ইরানের সঙ্গে সমন্বয়কে প্রশংসার যোগ্য উল্লেখ করেছেন।
আরও পড়ুন: যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশে কত মানুষ নিহত হয়েছেন?
সবশেষে তিনি মুসলিম উম্মাহকে আহ্বান জানিয়েছেন, ‘ইসরায়েল ও আমেরিকার চক্রান্ত মোকাবিলায় আমাদের হাতে সামর্থ্য কম থাকলেও, আল্লাহর দরবারে দোয়া আমাদের সবচেয়ে বড় শক্তি। হে আল্লাহ! আপনার রহমতের মাধ্যমে আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন এবং মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা করুন।’
তিনি জোর দিয়ে বলেন, ‘পুরো মুসলিম উম্মাহ যদি এক হয়ে যায়, তাহলে আমেরিকা, ইসরায়েল, ভারত বা অন্যকোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না।’