ধর্ম ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এই মাসে মুমিন বান্দার প্রতিটি ইবাদতের সওয়াব যেমন বহুগুণ বৃদ্ধি পায়, তেমনি দোয়া কবুলেরও বিশেষ সুযোগ তৈরি হয়। হাদিসে বর্ণিত ইফতার ও সাহরির সময় পাঠযোগ্য ৫টি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া নিচে তুলে ধরা হলো-
ইফতারের মুহূর্তটি হলো রোজাদারের জন্য বিশেষ বরকতময় সময়। এই সময়ে এই দোয়াটি পড়া সুন্নাহ এবং প্রচলিত আমল।
দোয়া: اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযকিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আমি আপনারই জন্য রোজা রেখেছি এবং আপনারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (সুনানে আবু দাউদ: ২৩৫৮)
ইফতার করার পর যখন তৃষ্ণা নিবারিত হয়, তখন নিচের দোয়াটি পাঠ করার বিষয়ে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এটি অত্যন্ত অর্থবহ একটি দোয়া।
দোয়া: ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ: জাহাবাজ জামাউ, ওয়াবতাল্লাতিল উরুকু, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
অর্থ: তৃষ্ণা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং ইনশাআল্লাহ (আল্লাহর ইচ্ছায়) পুরস্কারও নির্ধারিত হলো। (সুনানে আবু দাউদ: ২৩৫৭)
আরও পড়ুন: ইফতারের আগমুহূর্তে যে আমলগুলো করবেন
সাহরির সময়টি হলো ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ সময়। পবিত্র কোরআনেও এই সময়ে ইস্তেগফারকারীদের প্রশংসা করা হয়েছে। সাহরির শেষ সময়ে পড়ার জন্য এই ইস্তেগফারটি মাসনুন।
দোয়া: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং আমি তাঁরই দিকে ফিরে আসছি (তওবা করছি)। (সুনানে আবু দাউদ: ১৫১৭; তিরমিজি)
রমজানে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাই এই দোয়াটি পাঠ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে; বিশেষ করে সাহরি ও ইফতারের সময়।
দোয়া: اَللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা, ওয়া আউযুবিকা মিনান নার।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নামের আগুন থেকে পানাহ চাচ্ছি। (সুনানে আবু দাউদ: ৭৯২)
আরও পড়ুন: যে দোয়া পড়লে আপনার জন্য জান্নাত ফরিয়াদ করবে
সাহরি ও ইফতারের বরকতময় মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য এই দোয়াটি অনন্য। রাসুলুল্লাহ (স.) হজরত আয়েশা (রা.)-কে রমজানের বিশেষ মুহূর্তগুলোতে এই দোয়াটি পড়ার শিক্ষা দিয়েছিলেন।
দোয়া: اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করুন। (সুনানে তিরমিজি: ৩৫১৩)
সাহরি ও ইফতারের সময়টুকু অত্যন্ত সংক্ষিপ্ত ও মূল্যবান। দস্তরখানে খাবারের প্রতীক্ষায় বসে না থেকে এই দোয়াগুলো পাঠ করা উত্তম আমল। দোয়াগুলোর মাধ্যমে যেমন সুন্নাহর অনুসরণ হয়, তেমনি আল্লাহর সন্তুষ্টি ও পরকালের পাথেয় অর্জিত হয়। আল্লাহ আমাদের সবার সিয়াম ও নেক দোয়াগুলো কবুল করুন। আমিন।