ধর্ম ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং অস্ট্রেলিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব দেশের আকাশে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশের কোথাও রমজানের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বুধবার (১৮ ফেব্রুয়ারি) হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে বৃহস্পতিবার হবে প্রথম রোজা। দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সিঙ্গাপুরেও আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল (এমইউআইএস) এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী, সিঙ্গাপুরের মুসলমানরা বৃহস্পতিবার থেকেই রোজা শুরু করবেন।
আরও পড়ুন: মক্কা-মদিনায় তারাবি ১০ রাকাত: দেশের মুসল্লিদের করণীয় কী
এদিকে ব্রুনাইয়ের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, মঙ্গলবার দেশটিতে রমজানের চাঁদ দেখা যায়নি। দেশটির শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, ব্রুনাইয়ে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। ঐতিহ্যবাহী চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তুরস্ক
তুরস্কেও চাঁদ দেখা না যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে দেশটিতে রমজান মাস শুরু হবে।
ওমান
ওমানের চাঁদ দেখা কমিটি বলেছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পবিত্র শাবান মাসের ২৯ তারিখে ওমানের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে অথবা সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখার কোনও সম্ভাবনা নেই। এ সিদ্ধান্ত ধর্মীয় ও বৈজ্ঞানিক; উভয় মানদণ্ডের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
দেশটি বলেছে, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরির রমজান মাসের শুরু হবে। দেশটির হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করে বলেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন।
মালয়েশিয়া
মালয়েশিয়ার আকাশে পবিত্র রমজান মাসের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি বলে এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এতে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে।
অস্ট্রেলিয়ার ইসলামি কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে, দেশটিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় পর্যবেক্ষণের পর এই ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি আদায়ের আহ্বান
সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও চূড়ান্ত ঘোষণা আসবে আজ রাতের আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। যদিও আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ দেশে নতুন ইসলামি মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
অন্যদিকে মঙ্গলবার সৌদি আরব রমজান মাসের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির নাগরিকদের চাঁদ দেখার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরুর তারিখে একদিনের ব্যবধান হয়ে থাকে।
সূত্র: গালফ নিউজ