images

ইসলাম

মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআনের প্রদর্শনী: গিনেস রেকর্ড

ধর্ম ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

পবিত্র নগরী মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্ট-এ অবস্থিত ‘হলি কোরআন মিউজিয়ামে’ প্রদর্শিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকারের হাতে লেখা পবিত্র কোরআনের একটি বিরল পাণ্ডুলিপি। বিশাল আকৃতি ও অসাধারণ নান্দনিকতার কারণে অনন্য এই পাণ্ডুলিপিটি ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি লাভ করেছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদন অনুযায়ী, প্রদর্শিত এই কোরআন শরিফটির দৈর্ঘ্য ৩১২ সেন্টিমিটার এবং প্রস্থ ২২০ সেন্টিমিটার। মোট ৭০০ পৃষ্ঠার এই বিশাল পাণ্ডুলিপিটি এর বিশালাকার এবং অনন্য উপস্থাপনার জন্য বিশ্বজুড়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, এটি মূলত দশম হিজরি বা ১৬শ শতাব্দীর একটি ঐতিহাসিক কোরআনের বর্ধিত অনুলিপি। মূল পাণ্ডুলিপিটির আয়তন ছিল ৪৫ বাই ৩০ সেন্টিমিটার। প্রাচীন সেই পাণ্ডুলিপির বেশিরভাগ সুরা ‘থুলুথ’ লিপিতে এবং সুরা ফাতেহা ‘নাসখ’ লিপিতে লিপিবদ্ধ করা হয়েছিল। 

আরও পড়ুন: সাহাবিদের মধ্যে কোরআন লিখতেন যাঁরা

বর্তমান এই বিশাল সংস্করণে সে সময়ের ক্যালিগ্রাফি শিল্পের সূক্ষ্মতা ও শৈল্পিক বৈচিত্র্য অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই পাণ্ডুলিপিটি একাধারে আরবি ক্যালিগ্রাফি, স্বর্ণালংকরণ এবং ধ্রুপদী গ্রন্থ বাঁধাই শিল্পের এক অনন্য নিদর্শন। এর প্রথম পাতায় সূর্যের আদলে করা অলংকরণ, শিরোনাম পাতার কারুকার্য এবং প্রতিটি পৃষ্ঠার জটিল নকশায় ইসলামি শিল্পকলার চরম উৎকর্ষ ফুটে উঠেছে।

bigest_quran_02
জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, ছবি: সংগৃহীত

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মূল কোরআনটি ১৩০০ হিজরি বা ১৮৮৩ খ্রিস্টাব্দে ওয়াকফ হিসেবে উৎসর্গ করা হয়েছিল। বর্তমানে সেই আদি পাণ্ডুলিপিটি মদিনার ‘কিং আবদুলআজিজ কমপ্লেক্স ফর এন্ডাওমেন্ট লাইব্রেরি’তে সংরক্ষিত রয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষের মতে, এই প্রদর্শনী কেবল বিশালতার জানান দেয় না, বরং এটি পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। একইসাথে এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত সমৃদ্ধ ইসলামি শিল্প ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য হিসেবে টিকে আছে।