ধর্ম ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবেবরাত (লাইলাতুল বারাত) পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী ওয়াজ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এই কর্মসূচির কথা জানান।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকেই অনুষ্ঠানমালা শুরু হবে।
আরও পড়ুন: শবে বরাতে ফজিলতপূর্ণ আমলগুলো জেনে রাখুন
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: শবেবরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
রাত ৮টা ৩০ মিনিট: এ রাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারারাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে।
ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এছাড়া শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।