ধর্ম ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
দেশের ইমাম-মুয়াজ্জিনদের সমাজ গঠনমূলক কাজের জন্য রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘দেশের প্রায় ৩ লাখ মসজিদের ছয় লাখ ইমাম-মুয়াজ্জিন দীর্ঘদিন ধরে সমাজ গঠন, নৈতিকতা বিনির্মাণ ও জাতীয় উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু স্বাধীনতার এত বছর পরও রাষ্ট্রীয় পর্যায়ে তাদের অবদানের ন্যূনতম স্বীকৃতি নেই।’
তিনি আরও বলেন, ‘জাতীয় উন্নয়নে ইমাম-মুয়াজ্জিনদের অবদান বহুমাত্রিক। পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজ সংস্কার থেকে শুরু করে জাতীয় সব সংকটে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। রোহিঙ্গা সংকটের সময় তারা সবার আগে এগিয়ে এসেছিলেন। এ দেশকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তির একমাত্র ক্রেডিট আলেমদের। এভাবেই প্রতিটা বিপদে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েন ইমামরা। তবুও রাষ্ট্র তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেয়নি।’
আরও পড়ুন: ভূমিকম্প 'আল্লাহর সতর্কবার্তা': তাওবার আহ্বান শায়খ আহমাদুল্লাহর
শায়খ আহমাদুল্লাহ জোর দিয়ে বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস দমনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে মসজিদভিত্তিক কার্যক্রম অত্যন্ত কার্যকর। সত্যিকারের নৈতিক ও উন্নত সমাজ গড়তে চাইলে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে নিয়ে কাজ করা আবশ্যক।’
তিনি সরকারের প্রতি দুটি সুপারিশ দেন- ১. ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক অবদানে রাষ্ট্রীয় সুবিধা প্রদান। ২. জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের প্রাতিষ্ঠানিকভাবে সম্পৃক্ত করা। তিনি বলেন, ‘এতে বাংলাদেশ স্বনির্ভর করতে হবে ‘
‘যদি দেশের পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয়, যেকোনো প্রাকৃতিক দুর্যাগ যদি সফলভাবে মোকাবিলা করতে হয়, আমার বিশ্বাস ইমাম-মুয়াজ্জিনদের শুধু কাজের সুযোগ দিলেও বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কিছুর তেমন প্রয়োজন হবে না।’